
রাজনৈতিক অস্থিরতায় পর্যটনশূন্য হয়ে পড়েছে বান্দরবান। পর্যটক না থাকায় আবাসিক হোটেলগুলোর দুর্দিন চলছে। কোলাহলমুখর আকর্ষণীয় স্থানগুলোও পর্যটনের ভরা মৌসুমে খাঁ খাঁ করছে। প্রায় এক বছর ধরে লোকসানে থাকা কিছু হোটলমালিক কর্মচারী ছাঁটাই করেও শেষ রক্ষা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন।
নীলাচলের কাউন্টার ব্যবস্থাপক জয় ত্রিপুরা জানান, গত ফেব্রুয়ারি থেকে নীলাচলসহ পর্যটন স্থানগুলোতে কিছু ভাসমান দর্শনার্থী ছাড়া আবাসিক পর্যটক আসা একেবারে কমে গেছে। এ জন্য নীলাচলে গত জানুয়ারিতে যেখানে দুই লাখ ১৯ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে, সেখানে নভেম্বরে ৬০ হাজার টাকাও পাওয়া যাচ্ছে না।
আবাসিক হোটেল মালিক সমিতি সূত্র জানায়, জেলা শহরে ছোট-বড় প্রায় ৫০টি আবাসিক হোটেল রয়েছে। ব্যবসা না থাকায় কিছু কিছু হোটেল ইতিমধ্যে বন্ধ হয়েছে। যেগুলো চালু রয়েছে, সেগুলোও রয়েছে মারাত্মক সংকটে।
বান্দরবান জেলা শহরের প্রবেশমুখের মেঘলা পর্যটন কমপ্লেক্সের কর্মকর্তা মেমং মারমা বলেন, গত বছর এ সময়ে মেঘলা পর্যটন কমপ্লেক্সে দৈনিক দেড় থেকে দুই হাজার টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু এ বছরের কয়েক মাস ধরে গড়ে দেড় শ টিকিটও বিক্রি হচ্ছে না। পর্যটকসংকটের এ রকম বিপর্যয়ে বান্দরবানে আগে কখনো পড়েনি।
আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি ও পর্যটন মোটেলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন আহমদ জানান, ফেব্রুয়ারিতে হরতাল ও রাজপথে সহিংসতা শুরু হওয়ার পর থেকে ব্যবসায় মন্দা যাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে লোকজন আসা প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক দেশি-বিদেশি পর্যটকেরা ভ্রমণসূচি বাতিল করে হোটেলে অগ্রিম দেওয়া টাকা ফেরত নিয়েছেন। তাঁর পর্যটন মোটেলে এ পর্যন্ত দুই-তৃতীয়াংশ কর্মচারী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
হোটেল ফোর স্টারের মালিক মানিক বিশ্বাস বলেন, ‘গত তিন-চার মাসে ব্যবসা নেই বললেই চলে। এ অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিয়ে নির্মিত আরেকটি নতুন হোটেল চালু করার সাহস পাচ্ছি না। ব্যাংকের কিস্তি দিতে না পেরে ওই হোটেল বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ঋণের কিস্তি শোধ করতে অনেক হোটেলমালিক এখন ভূসম্পত্তি বিক্রি করছেন। এ অবস্থার পরিবর্তন না হলে হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাবে। হরতাল ও সহিংসতা বন্ধের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।