পর্যটকশূন্য রাঙামাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতেও মৌসুমের শুরুতে ক্ষতির মুখে পড়ল পর্যটন ব্যবসা l সুপ্রিয় চাকমা
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতেও মৌসুমের শুরুতে ক্ষতির মুখে পড়ল পর্যটন ব্যবসা l সুপ্রিয় চাকমা

নৌকাচালক তৈয়ব আলী (৩২) পারিবারিক সঞ্চয় আর বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে তৈরি করেছেন ইঞ্জিনচালিত একটি নৌকা। আশা ছিল, বছরের শুরুতে পর্যটক এলে শুরু হবে আয়-রোজগার। আগে ভাড়া নৌকায় পর্যটকদের ঘুরিয়েছেন, এবার নিজের নৌকায় ঘোরাবেন। তাতে আয় বাড়বে। কিন্তু আয় বাড়া তো দূরে, পরিবার-পরিজন নিয়ে অনহারে দিন কাটছে তাঁর। একজন পর্যটকেরও দেখা নেই। ঋণের টাকার কিস্তি কীভাবে দেবেন, সেই দুশ্চিন্তায় ঘুম হারাম।
অপর দিকে, বয়ন টেক্সটাইলের মালিক মো. জহির উদ্দিন চৌধুরী শীতের কাপড়সহ প্রায় ৪০ রকমের চাদর-পোশাক তৈরি করে রেখেছিলেন পর্যটন মৌসুমে বিক্রি করবেন বলে। কিন্তু গত এক মাসে বিক্রির পরিমাণ এত কম যে কীভাবে বিনিয়োগের টাকা তুলে আনবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন।
তৈয়ব আলী ও জহির উদ্দিন চৌধুরীর মতো দুশ্চিন্তা এখন পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবার। ১০ থেকে ১২ জানুয়ারি রাঙামাটি শহরে সংঘটিত সহিংসতা এবং টানা হরতাল-অবরোধের কারণে ভরা মৌসুমে পর্যটকশূন্য রাঙামাটি।
পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই খাতে প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে ১৭ থেকে ২০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের দুই লাখ, আবাসিক হোটেল খাতে পাঁচ, রোস্তোঁরায় চার, টেক্সটাইলে পাঁচ এবং যানবাহনে ও ইঞ্জিনচালিত নৌকায় দেড় লাখ টাকা। সেই হিসাবে গত ১৬ দিনে লোকসান হয়েছে প্রায় তিন কোটি টাকা।
তৈয়ব আলী বলেন, ‘দেশের এমন অবস্থা হবে, তা আগে জানলে কোনো দিনই সব সঞ্চয় খরচ করে নৌকার মালিক হতে চাইতাম না। আগে অন্যের নৌকা চালাতাম, ভালোই ছিলাম।’
পর্যটন করপোরেশনের তালিকাভুক্ত বোট মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, তাঁদের সমিতিতে ৯২টি নৌকা রয়েছে। এসব নৌকার ভাড়া ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ এবং সর্বনিম্ন ৩০০ টাকা। সমিতির দৈনিক আয় এক লাখ টাকা। এ ছাড়া সমিতির বাইরে আরও শতাধিক নৌকার আয়ও একই পরিমাণ। এখন পর্যটক না থাকায় নৌকাচালকদের সারা দিন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই।
রাঙামাটির আবাসিক হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেছার আহমেদ জানান, রাঙামাটি শহরে ৪০টি আবাসিক হোটেল ছাড়াও বিভিন্ন গেস্টহাউস ও মোটেল রয়েছে। গত বছরের শেষ দিকে দেশ-বিদেশ থেকে এ মাসে প্রায় সব হোটেলে কক্ষ বুকিং ছিল। তাঁর ‘হোটেল প্রিন্সে’ বিদেশি পর্যটকেরাও বুকিং দিয়েছিলেন। এখন হরতাল-অবরোধের সময় বাড়ছে আর পর্যটকেরা বুকিং বাতিল করছেন।
তিনি বলেন, ‘শুধু আবাসিক হোটেলের দৈনিক লোকসান হচ্ছে পাঁচ লাখ টাকা। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।’
রাঙামাটি পর্যটন মোটেলে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, মোটেলের সব কক্ষে পর্যটক থাকলে দৈনিক ভাড়া পাওয়া যায় দেড় লাখ টাকা। এ ছাড়া অন্যান্য আয় থেকে আসে ৫০ হাজার টাকা। আর সাপ্তাহিক ছুটির দুই দিনে প্রতিদিন আয় হয় তিন লাখ টাকা করে। তাঁদের হিসাবে, হরতাল–অবরোধ শুরু হওয়ার পর থেকে রাঙামাটি পর্যটন মোটেলের লোকসান ২০ লাখ টাকার বেশি।
মো. জহির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের ব্যবসায় আয়ের সিংহভাগ আছে পর্যটন মৌসুমে, অর্থাৎ বছরের শুরুতে তিন মাস। কিন্তু এই তিন মাসের প্রায় এক মাস গেল হরতাল-অবরোধে। কোনো পর্যটকের দেখা নেই। এমন অনেক বিক্রয়কেন্দ্র আছে, যেখানে দিনে এক টাকাও বিক্রি হচ্ছে না।’
এদিকে শুধু মালিক নয়, দৈনিক ভিত্তিতে কাজ করা হোটেল ও টেক্সটাইলের শ্রমিকেরাও বেকার হচ্ছেন। রাঙামাটির একটি অভিজাত হোটেলের দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিক মো. ফরিদ (১৯) বলেন, ‘পর্যটক না আসায় মালিক বলে দিয়েছেন যত দিন অবরোধ চলবে হোটেলে না যেতে। এখন অন্য কাজও করতে পারছি না। বেকার হয়ে বসে আছি।’