পর্যটকে ভরা কক্সবাজার

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত এখন হাজারো পর্যটকের পদচারণে মুখর। পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন সৈকতে ছুটে আসেন। আরও কয়েক দিন পর্যন্ত এই ভিড় থাকবে বলে ধারণা হোটেল মালিকদের।
গত শুক্রবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে দেখা যায়, সৈকতের পাঁচ কিলোমিটারজুড়ে পর্যটকে ভরপুর। কেউ কোমরসমান পানিতে নেমে গোসল করছেন, কেউ আবার বালুচরে দিচ্ছেন দৌড়ঝাঁপ। কেউ কেউ ছাতার নিচে বসে দেখছেন সূর্যাস্ত।
রংপুর থেকে ভ্রমণে আসা কলেজছাত্র আদনান (২০) বলেন, ‘জীবনের প্রথম সমুদ্রসৈকতে গোসল করতে পেরে আনন্দিত। আগামী জানুয়ারিতেও বন্ধুদের সঙ্গে আরেকবার কক্সবাজার ভ্রমণের ইচ্ছা আছে।’
তারকা হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, ঈদের পরদিন থেকে সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটছে। আগামী চার-পাঁচ দিন পর থেকে সৈকত আবারও দুই মাসের জন্য ফাঁকা হয়ে পড়বে। আবার ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতের কয়েক মাস এই সৈকত পর্যটকে ভরপুর থাকবে।
সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সৈকতে গোসলে নেমে কোনো পর্যটক যেন স্রোতের টানে নিখোঁজ না হন, তার জন্য রশি টেনে নিরাপদ গোসলের ব্যবস্থা করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে পর্যাপ্ত উদ্ধারকর্মী।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে টুরিস্ট পুলিশের ১১১ জন সদস্য ছাড়াও জেলা পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছে। এ কারণে কোনো পর্যটক হয়রানির শিকার হননি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) সভাপতি এস এম কিবরিয়া বলেন, পর্যটকেরা সৈকত ভ্রমণের পাশাপাশি পাথুরে সৈকত ইনানী, হিমছড়ি পাহাড়ি ঝরনা, টেকনাফের মাথিনকূপ, সেন্ট মার্টিন, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন।