
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত শহর কক্সবাজারে পর্যটকের আগমন প্রতিবছর বাড়ছে। কিন্তু বিনোদন সুবিধা বাড়ানোর কোনো গরজ নেই। তারপরও সমুদ্রের টানে ছুটে আসছেন পর্যটকেরা।
হোটেল, মোটেল ও রেস্তোরাঁ মালিকদের হিসাবে, গত দুই ঈদের ছুটিতে অন্তত ১৩ লাখ দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে এই সৈকতে। এ সময় হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ নানা প্রতিষ্ঠানের ব্যবসা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। অথচ পর্যটকদের টানা কয়েকটা দিন ধরে রাখার মতো বিনোদন ব্যবস্থা এখানে গড়ে ওঠেনি।
কক্সবাজার হোটেল, মোটেল, গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান বলেন, ‘২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ঘিরে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি পর্যটকদের হোটেল-রেস্তোরাঁয় থাকা-খাওয়ার ব্যাপারে বিশেষ রেয়াত ঘোষণার পরিকল্পনা চলছে। আমরাও চাই পর্যটকেরা কক্সবাজার ভ্রমণে এসে বিনোদন সুবিধা পান।’
পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে সৈকতে নিয়মিতভাবে আয়োজন করা হতো লোকজ উৎসব, আদিবাসী মেলা, ঘুড়ি উৎসব, ভাস্কর্য উৎসবসহ নানা অনুষ্ঠান। ছিল নানা খেলাধুলার আয়োজন। কিন্তু এখন তার কিছুই নেই। এ ছাড়া পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থাও হয়নি। লাবণী পয়েন্টের ১ কিলোমিটার ছাড়া বাকি ১১৯ কিলোমিটার সৈকতের কোথাও পর্যটকদের গোসলে নামার সুযোগ নেই। নিষেধাজ্ঞা অমান্য করে কিংবা অজ্ঞাতবশত কেউ সমুদ্রে নেমে বিপদে পড়লে উদ্ধারের কেউ নেই সেখানে।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, প্রাকৃতিক ও দর্শনীয় নিদর্শনগুলো ঠিক রেখে সেন্ট মার্টিন, টেকনাফ, ইনানী ও কক্সবাজার সৈকতে বাড়তি বিনোদন সুবিধা নিশ্চিত করা গেলে সারা বছর এখানে পর্যটকের আগমন ঘটত। তখন প্রতি মাসে পর্যটন খাতে হাজার কোটি টাকার ব্যবসা হতো। এখন পর্যটকের আগমন বাড়লেও বিনোদনসেবা নেই বললেই চলে। ফলে পর্যটকেরা দু–তিন দিন থেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এরপরও প্রতিবছর গড়ে ২০ থেকে ৩০ হাজার করে পর্যটকের আগমন বাড়ছে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক শর্মা বলেন, পাহাড়গুলোকে সুরক্ষিত রেখে পাহাড় থেকে সমুদ্রে নামার কেব্ল কার, শিশুপার্ক, প্রজাপতি পার্ক, সামুদ্রিক প্রাণীর অ্যাকুরিয়াম, জাদুঘর, মিনি চিড়িয়াখানা, থ্রিডি সিনেমা ও প্যারাসেলিং ব্যবস্থা গড়ে তোলা যায়। কিন্তু উদ্যোগ নেই বলে অনেকে হাত গুটিয়ে বসে আছেন।

গত কোরবানির ঈদে ঢাকার বাসাবো থেকে ভ্রমণে আসা পর্যটক সাইফুল আলম (৪৫) বলেন, পাঁচ বছর আগে তিনি ইনানী সৈকতে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ দেখেছেন। সন্ধ্যার পর গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসা মা কচ্ছপের আসা-যাওয়ার দুর্লভ দৃশ্য প্রত্যক্ষ করেন। আর এখন তার কিছুই নেই। সেখানকার একখণ্ড জমিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক বহুতল ভবন। দিনের বেলায় সমুদ্র দর্শন আর রাতে হোটেল কক্ষে বসে টেলিভিশন দেখা ছাড়া বিনোদনের তেমন কিছুই নেই।
রংপুর থেকে আসা কলেজ শিক্ষার্থী সাজ্জাদুল করিম (২৫) বলেন, সৈকতসহ পুরো শহর ঘুরে একটা পার্ক পাওয়া গেল না। নেই কোনো জাতীয় উদ্যান, জাদুঘর, সিনেপ্লেক্স, কেব্ল কার ও নাইট বাজার। হয় না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও। হোটেলে নিচে কিংবা গলিতে এবং সৈকতের যত্রতত্র শুঁটকির শতাধিক দোকান। দুর্গন্ধে রাতে ঘুমানো যায় না।
কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, এক যুগের বেশি সময় ধরে সৈকত তীরের দুই বর্গকিলোমিটার এলাকায় হাজার কোটি টাকা বিনিয়োগে প্রভাবশালীরা শুধু রাত যাপনের জন্য ৪৮০টির বেশি হোটেল–মোটেল–গেস্টহাউস তৈরি করেছেন। কিন্তু ভ্রমণে আসা পর্যটকদের রামু বৌদ্ধপল্লি, ডুলাহাজারা সাফারি পার্ক, হিমছড়ি, ইনানী সৈকত, টেকনাফ কিংবা মহেশখালীতে কম টাকায় বিশেষ পরিবহনে ঘুরিয়ে আনার ব্যবস্থা নেই।
সৈকতের তারকা হোটেল ‘সি গাল’-এর প্রধান নির্বাহী ইমরুল হাসান ছিদ্দিকী বলেন, ‘আমাদের হোটেলে অতিথিদের বিনোদনের অনেক কিছু আছে। তবে প্রশাসনিক জটিলতায় নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা সম্ভব হয় না। দেশের জঙ্গি তৎপরতার কারণে সৈকতের উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক বিনোদনও অনেক কমে গেছে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সৈকতে রাতের বেলায় পর্যটকদের জন্য নানা অনুষ্ঠান করা যায়।’
সৈকতের ভিস্তা বে রিসোর্টের মালিক আবু তাহের চৌধুরী বলেন, পর্যটকদের জন্য হোটেল–মোটেলে নানা আয়োজন করতে অনেকে উদ্যোগী। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় কেউ সে পথে যেতে পারছে না। ফলে পর্যটকেরা বিমুখ হচ্ছেন। সৈকতে একটা নাইট বাজার চালুর জন্য এক বছর আগে কমিটি হলেও কিছুই হয়নি।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা দিয়েছেন। চলতি বছরে ১০ লাখ পর্যটক বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা নেয় সরকার। তার অংশ হিসেবে গত বছর ডিসেম্বর মাসে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে ‘মেগা বিচ কার্নিভ্যাল’। এই কার্নিভ্যাল পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণে সৈকতে পর্যটকের আগমন কয়েক গুণ বেড়ে গেছে। ব্যবসা-বাণিজ্যে ফিরে আসে চাঙাভাব। পর্যটক টানতে ভবিষ্যতেও এ রকম বর্ণাঢ্য আয়োজন দরকার।