
বঙ্গোপসাগরের আট বর্গকিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বলা হয় মাছের রাজ্য। এখানে বেড়াতে আসা পর্যটকদের পছন্দের খাবার তালিকার শীর্ষে থাকে ভাজা মাছ। এ কারণে পর্যটন মৌসুমে দ্বীপে মাছের দামও বেড়েছে কয়েক গুণ। চিংড়ি, লবস্টারের পাশাপাশি হরেক রকমের চেনা-অচেনা মাছও খাচ্ছেন পর্যটকেরা। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে বিচিত্র রঙের লায়ন ফিশ ও উড়ুক্কু মাছ।
১৫ ও ১৬ জানুয়ারি সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। ভাজা মাছের দাম চড়া হলেও বিক্রি হচ্ছে প্রচুর। সৈকতের কাছাকাছি হোটেল– রেস্তোরাঁগুলোতে পর্যটকদের পছন্দ অনুযায়ী মাছ ভেজে দেওয়া হচ্ছে। একেকটি ভাজা মাছের দাম দুই শ থেকে এক হাজার টাকা। দুপুর ও রাতের খাবারের প্রধান পদটিও থাকছে ভাজা মাছেরই দখলে।
১৫ জানুয়ারি রাত আটটায় দ্বীপের পশ্চিম সৈকতে গিয়ে অন্তত ১০টি মাছ ভাজার দোকান দেখা গেছে। সবগুলো দোকানের সামনেই ছিল পর্যটকদের ভিড়। প্রতিটি দোকানের সামনেই সাজিয়ে রাখা হয়েছে কাঁচা মাছ। পর্যটকেরা পছন্দের মাছটি দেখিয়ে দিলে সেটি চোখের সামনেই ভেজে দেওয়া হচ্ছে।
নোয়াখালীর মাইজদী থেকে বেড়াতে আসা স্কুলশিক্ষক শামীম আহমেদ (৩৬) বলেন, ‘জীবনের প্রথম স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে সেন্ট মার্টিন ঘুরতে এলাম। এখানে চেনা-অচেনা নানা প্রজাতির সামুদ্রিক মাছের সমাহার। আমরা ফ্লাইং ফিশ (উড়ুক্কু মাছ) খেলাম। প্রতিটির দাম নিয়েছে ২০০ টাকা করে। এই মাছ আগে কখনো খাইনি।’
কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম সিকদার এই নিয়ে দ্বিতীয়বার সেন্ট মার্টিন ভ্রমণে এসেছেন বলে জানালেন। এখানে আসার পর গত দুই দিন ভাজা মাছ খাচ্ছেন তিনি। মনজুর আলম সিকদার বলেন, এখানে পর্যটকেরা সব মাছই খাচ্ছেন। এর মধ্যে বেশ কিছু প্রজাতির মাছ বেশির ভাগ পর্যটকের কাছে একেবারেই অচেনা। ফ্লাইং ফিশ ও লায়ন ফিশের বিক্রি রমরমা। আর কাঁকড়া কিংবা লবস্টার তো আছেই।

সৈকতের মাছ বিক্রেতা মো. জমির (৪০) বলেন, এখন সাগরে ইলিশ, রুপচাঁদা কিংবা কোরাল ধরা পড়ছে না। জেলেদের জালে ধরা পড়ছে ফ্লাইং ফিশ, লায়ন ফিশ, চাপা, মাইট্যা, দাতিনা, রাঙাচকি, কাঁকড়া, লবস্টার, টেকচাঁদা, কালাচাঁদা, অলোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রতি কেজি মাছ পাঁচ শ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাই ভাজা মাছের দামও বেড়েছে।
দ্বীপের জেটিঘাটের রেস্তোরাঁর মালিক জিয়াউর রহমান বলেন, এখন দৈনিক পাঁচ থেকে সাত হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আসছেন। ৯০ শতাংশ পর্যটকই মাছ ভাজা খাচ্ছেন। কিন্তু চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না। তাই দাম বেড়ে গেছে।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। স্থানীয় বাসিন্দারা মাছের নাগাল পাচ্ছেন না। প্রতি কেজি মাছের দাম এখন পাঁচ শ টাকার বেশি।
দ্বীপের দক্ষিণপাড়ার জেলে শামসুল আলম (৫৫) জানান, গত বছরের ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিন প্রতি কেজি উড়ুক্কু মাছ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। আর এখন এই মাছ বিক্রি হচ্ছে পঁাচ শ থেকে ছয় শ টাকায়।
অতিরিক্ত মাছ শিকার দ্বীপের পরিবেশের ক্ষতি করছে বলেও মনে করেন পরিবেশবিদেরা। তবে মাছ ধরার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। এ বিষয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের চারদিকেই প্রবাল। এখানে ডিম পাড়তে আসা অনেক কচ্ছপ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে। এ ছাড়া প্রবালের ভেতরে ঘোরাফেরা করা বহু প্রজাতির রঙিন মাছও জালে আটকে মারা যাচ্ছে। যা প্রবাল দ্বীপের পরিবেশের জন্য ক্ষতিকর।