
কক্সবাজার সমুদ্রসৈকতসহ হোটেল-মোটেল জোন এলাকায় শুঁটকির দোকান বেড়েই চলেছে। এই মৌসুমে নতুন করে কমপক্ষে ৫০টি দোকান বসেছে। এসব দোকানে থাকা শুঁটকি থেকে দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট করছে পরিবেশ। অথচ সৈকতসহ হোটেল-মোটেল জোন এলাকায় শুঁটকির দোকান স্থাপন ও বিক্রি নিষিদ্ধ। এর পরও এসব দোকান উচ্ছেদে প্রশাসনের কোনো তৎপরতা নেই।
২৫ ডিসেম্বর সকালে দেখা গেছে, সৈকতের সুগন্ধা পয়েন্ট, সি-ইন পয়েন্ট, হোটেল-মোটেল জোন এলাকা, সমুদ্রসৈকতে নামার একাধিক সড়কসহ অভ্যন্তরীণ অন্তত ১০টি উপসড়কে শতাধিক দোকান খুলে শুঁটকি বিক্রি করা হচ্ছে। গত বছরও এসব দোকানের সংখ্যা ছিল ৫০টির কম। অনেকে ফেরি করেও শুঁটকি বিক্রি করছেন। কেউ কেউ রাস্তার পাশে কাটা মাছ রোদে শুকিয়ে শুঁটকি করছেন। এতে মশা–মাছির উৎপাতও বাড়ছে।
জানা যায়, এসব দোকানের বেশির ভাগ শুঁটকি খুলনার সুন্দরবন, রাঙাবালী, দুবলারচরসহ বিভিন্ন উপকূল থেকে সংগ্রহ করা। এসব শুঁটকি ক্ষতিকর ডিডিটি পাউডার মিশ্রিত। কিন্তু দোকানিরা এসব শুঁটকি কক্সবাজারের সোনাদিয়া, সেন্ট মার্টিন ও নাজিরারটেক সৈকতে উৎপাদিত বলে পর্যটকদের হাতে চড়া মূল্যে ধরিয়ে দিচ্ছেন।
ঢাকা থেকে সৈকত ভ্রমণে আসা পর্যটক কামরান আলম (৪৫) জানান, ২৪ ডিসেম্বর তিনি সুগন্ধা পয়েন্ট সড়কের পাশের একটি দোকান থেকে সাত কেজি লইট্যা ও দুই কেজি ছুরি শুঁটকি কিনেছেন। কিন্তু হোটেলে নেওয়ার পর কয়েকজন কর্মচারী (বয়) বললেন, এসব শুঁটকিতে ডিডিটি পাউডার মেশানো। শুঁটকিগুলো পরীক্ষা করে এর সত্যতা মিলল। এরপর শুঁটকি ফেরত দিতে গিয়ে উল্টো দুর্ব্যবহারের শিকার হন।
হোটেল মালিকেরা জানান, গত ১০ নভেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ শুঁটকির দোকান উচ্ছেদের সিদ্ধান্ত হলেও তা এখনো কার্যকর হয়নি। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি পর্যটকের হাতে পচা ও ডিডিটি পাউডার মিশ্রিত শুঁটকি ধরিয়ে দিয়ে প্রতারিত করা হচ্ছে। এতে পর্যটন শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক আহমদ বলেন, পর্যটন এলাকায় শুঁটকিপল্লি দেখে ভ্রমণে আসা পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। শুঁটকির উৎকট দুর্গন্ধে ক্রমশ ভারী হচ্ছে হোটেল-মোটেল আবাসিক জোন।
এ প্রসঙ্গে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, শহরের বড়বাজার ছাড়া অন্য কোথাও শুঁটকি বিক্রি ও দোকান স্থাপন নিষিদ্ধ। কিন্তু পর্যটকের সুবিধার কথা বলে অনেকে সমুদ্রসৈকতসহ অলিগলিতে শুঁটকি বিক্রি করছেন। নানা কারণে এসব উচ্ছেদ করা যাচ্ছে না।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সৈকতসহ পর্যটন এলাকার শুঁটকির দোকান উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হচ্ছে।