পর্যটন ও ফ্রিল্যান্সিংবিষয়ক তথ্য নিয়ে ওয়েবসাইট
পর্যটনশিল্পের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে নতুনভাবে তৈরি হয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের ওয়েবসাইট। এখানে বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে। অপরদিকে, মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) জন্য প্রয়োজনীয় বিষয় নিয়ে চালু হয়েছে ‘ফ্রিল্যান্সিংকেয়ার ডটকম’ নামের নতুন একটি ওয়েবসাইট। বাংলাদেশ পর্যটন বোর্ডের নতুন ওয়েবসাইটে (www.tourismboard.gov.bd) পাওয়া যাবে পর্যটন বোর্ড ও পর্যটন করপোরেশন সম্পর্কিত তথ্য। বাংলাদেশের বিভিন্ন হোটেল-মোটেল, ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টদের ঠিকানা ও কার্যক্রম, বাংলাদেশের ম্যাপ, পর্যটনের দর্শনীয় স্থান, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য, আলোকচিত্র, পুস্তিকা, ভ্রমণ গাইডসহ পর্যটন-সম্পর্কিত সংবাদ এ ওয়েবসাইটে স্থান পেয়েছে। এ ছাড়াও আছে দেশের পর্যটনসংশ্লিষ্ট আইনগুলোও। জানা গেছে, পর্যটনের প্রসারে ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইন’ শীর্ষক বিপণন কর্মসূচির অংশ হিসেবে ২ জুলাই এ নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে।ফ্রিল্যান্সিংবিষয়ক ওয়েবসাইটমুক্ত পেশায় (ফ্রিল্যান্স) আসতে যাঁরা আগ্রহী এবং যাঁরা এই পেশায় আছেন, তাদের জন্য তথ্য-উপাত্ত নিয়ে চালু হয়েছে ‘ফ্রিল্যান্সিংকেয়ার ডটকম’ (www.freelancercare.com) নামের একটি ওয়েবসাইট। ফ্রিল্যান্সিং শুরু করা যাবে কীভাবে, কোন কোন কাজ করা যাবে, কোন ধরনের কাজের চাহিদা বেশি—এমন সব তথ্য দিয়ে সাজানো হয়েছে এই সাইটটি। এই সাইটে আরও রয়েছে সফল মুক্ত পেশাজীবীদের সাক্ষাৎকার। একই সঙ্গে ফ্রিল্যান্সিং শুরুর ধারাবাহিক গাইডলাইন নিয়ে প্রকাশিত ই-বুকও পাওয়া যাচ্ছে সাইটটিতে।