পর্যটন পরিকল্পনায় ঢাবির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটন ব্যবসায় নিজেদের পরিকল্পনা উপস্থাপন করছে শিক্ষার্থীদের একটি দল
পর্যটন ব্যবসায় নিজেদের পরিকল্পনা উপস্থাপন করছে শিক্ষার্থীদের একটি দল

ভিনদেশিরা বাংলাদেশে এলে কোনো নির্দিষ্ট উৎস থেকে এ দেশের বিভিন্ন অঞ্চলের দর্শনীয় স্থান বা সংস্কৃতি সম্পর্কে খুব একটা জানতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমীন ও তাঁর দল ভাবলেন, তুরাগ নদের পাশে একটা প্রকল্প বাস্তবায়ন করলে কেমন হয়? যেখানে একই ভবনের আটটি ঘরে ছবি, শিল্পকর্ম, খাবার বা সংস্কৃতির সঙ্গে জড়িত নানা কিছুর মাধ্যমে বাংলাদেশের আটটি বিভাগকে তুলে ধরা হবে।
এমন ‘আইডিয়া’ নিয়েই তাঁরা হাজির হয়েছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার আয়োজিত পর্যটন ব্যবসার পরিকল্পনার প্রতিযোগিতা ‘টিবিজ প্ল্যানার্স’-এ। তিন পর্বের এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা তিনজন সদস্য নিয়ে দল গঠন করে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পদ্ধতি জানতে চাইলে পাটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন, প্রতিযোগিতার প্রথম পর্বে আইডিয়া দেন প্রতিযোগীরা। দ্বিতীয় পর্বে বিভাগের কয়েকজন শিক্ষকের সামনে আইডিয়া নিয়ে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করতে হয় নির্বাচিতদের। ১০টি দল থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত ৫টি দল নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে। চূড়ান্ত পর্বে বিজয়ী ফারহানা ইয়াসমীন ও তাঁর দল ‘ই-বাংলা ইনিশিয়েটর’কে ১০ হাজার টাকা, প্রথম রানারআপ সাঈদা আবির ও তাঁর দল ‘ডিসক্রিট’ কে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ফাহিম হাসান ও তাঁর দল ‘দ্য হেলমসম্যান’ কে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগীদের সবাই পেয়েছেন সনদ। আয়োজন সম্পর্কে পাটা ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উপদেষ্টা ও বিভাগীয় শিক্ষক কামরুজ্জামান বলেন, পর্যটনের উন্নয়নে শিক্ষার্থী ও পর্যটন খাতের মধ্যে লাভজনক ও উন্নয়নমূলক একটা সম্পর্ক তৈরির লক্ষ্যে কাজ করছে পাটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার। শিক্ষার্থীদের আরও বেশি উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি দেশের প্রথম পর্যটন ব্যবসার পরিকল্পনা প্রতিযোগিতা বলে জানালেন আয়োজকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. শাকের আহমেদের নেতৃত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সভাপতি অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ, ঢাকা রিজেন্সি হোটেলের নির্বাহী পরিচালক ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শহীদ হামিদ ও স্বনামধন্য শেফ টনি খান। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগে অন্যান্য শিক্ষকের পাশাপাশি পর্যটন ব্যবসায় যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাটা বাংলাদেশ চ্যাপ্টার। মূল আর্থিক পৃষ্ঠপোষকতা করে ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি)। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ছিল প্রতিযোগিতাটির হসপিটালিটি পার্টনার।