পর্যটন পার্কের একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগড় উপজেলা সদরের পর্যটন পার্কটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে  প্রথম আলো
রামগড় উপজেলা সদরের পর্যটন পার্কটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে প্রথম আলো

সবুজ ঘাসে ছাওয়া মাঠ, ভাস্কর্য, শহীদ মিনার, বসার বেঞ্চি, এমনকি ছোটখাটো একটা হ্রদও আছে পার্কটিতে। তবে রক্ষণাবেক্ষণ ও পাহারার অভাবে দিনের বেলা গরু চরে পার্কের মাঠে, আর রাতে আড্ডা বসে মাদকাসক্তদের। চুরি হয়ে গেছে পার্কের লোহার গেট ও শোভাবর্ধক বাতি। হ্রদে নামার ঘাট ও ঝুলন্ত সেতুর পাটাতন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। হ্রদে ভ্রমণের জন্য আনা প্যাডেল বোটগুলো ডুবে আছে পানিতে।
এমন বেহাল দশা রামগড় উপজেলা সদরে অবস্থিত পর্যটন পার্কের। দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে পার্কটির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। তাই এটির রক্ষণাবেক্ষণে এগিয়ে আসেনি কোনো সংস্থা। তবে সম্প্রতি উপজেলা পরিষদকে এই পার্কের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ড প্রায় তিন কোটি টাকা খরচ করে সাত একর জমিতে ২০০৩ সালে পার্কটি গড়ে তোলে। শুরুতে পৌরসভার মালিকানায় ছিল এটি। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ নিয়ে উপজেলার সঙ্গে দ্বন্দ্ব বাধে। উভয় পক্ষ মালিকানা দাবি করায় এর রক্ষণাবেক্ষণে সমস্যা দেখা দেয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আমিনুল ইসলাম বলেন, আগে জমি হস্তান্তর প্রক্রিয়ায় ত্রুটি ছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এই সম্পত্তির মালিক এখন উপজেলা পরিষদ।
পৌর মেয়র মো. কাজী শাহজাহান বলেন, উপজেলার পক্ষে মালিকানা সংক্রান্ত বিজ্ঞপ্তি ঝুলানোয় তাঁরা পার্কে যাচ্ছেন না। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে মূল্যবান জিনিস বেহাত হচ্ছে। শোভাবর্ধক ২০০ বাতির সবগুলো চুরি হয়ে গেছে। হ্রদে নামার ঘাট ও ঝুলন্ত সেতুর পাটাতন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে।
পার্কের মূল্যবান জিনিস চুরি কিংবা নষ্ট হওয়ার কথা ইউএনও স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, জিনিসগুলো রক্ষায় সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে দুজন তত্ত্বাধায়ক নিয়োগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র মো.বাদশা মিয়া ও কাউন্সিলর ফারুক শাহ বলেন, দুই পক্ষের দড়ি টানাটানিতে পার্কটির হতশ্রী চেহারা হয়েছে। লোহার গেট চুরি হয়ে গেছে, চার লাখ টাকার ছয়টি প্যাডেল বোট পানিতে ডুবে নষ্ট হচ্ছে। পর্যটকেরা হ্রদে ঘুরতে পারছেন না। পুরো এলাকাটি অরক্ষিত হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দেখাশোনার অভাবে দিনে বখাটে এবং রাতে মাদকাসক্তদের আড্ডা বসে পার্কে। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।