পর্যটন মৌসুমে পর্যাপ্ত স্পিড বোটের ব্যবস্থা না থাকায় মহেশখালী-কক্সবাজার নৌপথে যাতায়াতে স্থানীয় যাত্রীসহ পর্যটকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। উভয় দিক থেকে ফিরতি বোটের জন্য অনেক সময় এক ঘণ্টারও বেশি জেটিঘাটে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। প্রতিবছর এ রকম ভোগান্তির কারণে মহেশখালীতে পর্যটকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর ধরে পর্যটন মৌসুমে পর্যাপ্ত স্পিড বোটের অভাব দেখা দেয়। বিষয়টি বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা যায়, প্রতিবছরের মতো এ বছরও শীত মৌসুমের শুরু থেকে কক্সবাজার হয়ে মহেশখালীতে প্রচুর পর্যটক আসছেন। কিন্তু পর্যাপ্ত স্পিড বোট না থাকায় তাঁরা নির্দিষ্ট সময়ে কক্সবাজার থেকে মহেশখালী কিংবা মহেশখালী থেকে কক্সবাজার যাওয়া-আসা করতে পারছেন না। ফলে অনেকে হতাশ হয়ে গন্তব্যে না গিয়ে ফিরে যাচ্ছেন। বিশেষ করে কক্সবাজার জেটিতে সকালে এবং মহেশখালী জেটিতে বিকেলে এ সমস্যা দেখা দেয়। গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, মহেশখালী জেটিতে স্পিড বোটের জন্য অপেক্ষা করছেন কক্সবাজারমুখী শতাধিক যাত্রী। কক্সবাজার থেকে ১৫ মিনিট পর একটি স্পিড বোট এলেও তা ১২ জন যাত্রী নিয়ে ফিরে যাচ্ছে। এ সময় তাড়াহুড়ো করে বোটে ওঠার সময় ঢাকার মিরপুর থেকে আসা মনির হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রহিমা খানমসহ (২৬) আট পর্যটক কাদায় পড়ে আহত হন। ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা জামাল হোসেন ও মো. মাইনুদ্দিন বলেন, ‘সকালে কক্সবাজার কস্তুরা ঘাটে ঘণ্টাখানেক অপেক্ষার পর বোটমেলে। অনেক যাত্রী তখনো অপেক্ষায় ছিলেন। এখন মহেশখালী থেকে ফেরার সময়ও দেখি একই অবস্থা।’ ধানমন্ডি থেকে আসা রশিদ আহমদ বলেন, ‘মহেশখালীর আদিনাথ মন্দির ও রাখাইন বৌদ্ধ বিহার দেখতে এসেছিলাম। এখন ফেরার সময় জেটিঘাটে যে রকম কষ্ট ভোগ করতে হয়েছে, তা আগে জানলে এখানে আসতামই না।’ মহেশখালী-কক্সবাজার স্পিড বোট ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সালাহ উদ্দিন গত মঙ্গলবার বলেন, ‘বর্তমানে এই নৌপথে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মানুষ যাতায়াত করছেন। এর মধ্যে প্রায় দেড় হাজার দূরদূরান্ত থেকে আসা পর্যটক। সকালে কক্সবাজার ও বিকেলে মহেশখালীতে যাত্রীর ভিড় বেশি থাকে। এ কারণে ওই সময় উভয় দিকে বোটের জন্য যাত্রীদের অপেক্ষা করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়।’ এ কারণে পর্যটক কমছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবছর এই শীত মৌসুমে দিনে দুই হাজারের বেশি পর্যটক মহেশখালীতে বেড়াতে আসত। কিন্তু এ বছর এখনো দেড় হাজারের বেশি পর্যটক আসেননি।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, ৬০টি স্পিড বোট ও ২৫টি কাঠের বোট দিয়ে প্রতিদিন যাত্রী পরিবহন চলছে। তবে এক ঘাটে যখন যাত্রীর চাপ বাড়ে তখন অন্য ঘাটে যাত্রী তেমন থাকে না। এ কারণে সংশ্লিষ্ট জেটিঘাটে যাত্রীদের অতিরিক্ত কিছু সময় অপেক্ষা করতে হয়।