পর্যটন মৌসুমে শুঁটকির রমরমা ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে একটি দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা বড় সামুদ্রিক মাছের শুঁটকি l প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতে একটি দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা বড় সামুদ্রিক মাছের শুঁটকি l প্রথম আলো

পলিব্যাগে মোড়ানো ছুরি, লইট্টা, রুপচাঁদা ও লাক্ষ্যার শুঁটকি ঝুলছে থরে থরে। দোকানে বেশ ভিড়। কেউ দরদাম করেই চলে যাচ্ছেন, আর দামে মিলে যাওয়ায় কিনছেন কেউ কেউ। কোরবানির ঈদের পর এক সপ্তাহ ধরে কক্সবাজারের শুঁটকির দোকানগুলোর প্রতিদিনকার দৃশ্য এটি।
কক্সবাজাের বেড়াতে আসা পর্যটকদের কেনাকাটার তালিকার শীর্ষে থাকে শুঁটকি। গত এক সপ্তাহে প্রায় চার লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন বলে হোটেল–মোটেল ও পরিবহন সংস্থাগুলো জানিয়েছে। এসব পর্যটক কেবল কক্সবাজার শহর থেকে দৈনিক অর্ধ লক্ষ থেকে এক কোটি টাকার শুঁটকি কিনছেন বলে শুঁটকি ব্যবসায়ীরা জানান।
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটছে। ১০ অক্টোবর পর্যন্ত পর্যটকের এই সমাগম থাকবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) উপদেষ্টা মুফিজুর রহমান বলেন, ‘বিভিন্ন হোটেল–মোটেলের বুকিং থেকে জানতে পেরেছি, কক্সবাজারে ঈদের দিন থেকে গড়ে এক লাখ পর্যটক আসছেন। এসব পর্যটক শামুক–ঝিনুকের পণ্যের পাশাপাশি প্রচুর শুঁটকিও কেনেন। ঝিনুক মার্কেট, ডায়াবেটিস হাসপাতাল মোড়সহ শহরের বিভিন্ন স্থানে প্রায় ৩০০ শুঁটকির দোকান রয়েছে। এসব দোকানে দৈনিক গড়ে কয়েক হাজার টাকার শুঁটকি বিক্রি হয়। কোনো কোনো দোকানের বিক্রি লাখও ছাড়িয়ে যায়। যদি বেড়াতে আসা ১০ হাজার পর্যটকও দৈনিক ৫০০ টাকা করে শুঁটকি কেনেন, তবে বিক্রির পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ টাকা।’
কক্সবাজারে শুঁটকিকেন্দ্রিক অর্থনীতি দিন দিনই বড় হচ্ছে বলে মনে করেন শুঁটকি রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস শুক্কুর। তিনি বলেন, সেপ্টেম্বর থেকে মার্চ–এপ্রিল পর্যন্ত কক্সবাজারের নুনিয়াছটা ও নাজিরার টেক উপকূলের শতাধিক শুঁটকির মহালে মৌসুমে ৩০০ কোটি টাকার শুঁটকি উৎপাদিত হয়। এসব শুঁটকির মধ্যে কেবল পোপা শুঁটকি রপ্তানি হয় বিদেশে। বাকি শুঁটকি জেলার পর্যটকদের চাহিদা মেটায়। তবে এখন শুঁটকির চাহিদা বাড়ায় বিক্রেতারা নোয়াখালী, খুলনার সুন্দরবন, দুবলার চর, সন্দ্বীপ ও হাতিয়া থেকেও শুঁটকি কিনে আনছেন। শহরের শুঁটকির দোকানের পাশাপাশি মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী ও উখিয়ার ইনানিতে আরও ৫০০টি শুঁটকির দোকান রয়েছে। পর্যটকেরা ওই সব স্থান থেকেও প্রতিদিন শুঁটকি কিনছেন।
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত ঝিনুক মার্কেটে রয়েছে ১৮টি শুঁটকির দোকান। ঈদের তৃতীয় দিন এখানকার একটি দোকানে গেলে কথা হয় দোকান মালিক মো. আবদুর রহমানের সঙ্গে। তিনি জানান, ঝিনুক মার্কেটের শুঁটকির দোকানগুলোতে দৈনিক ৩০ হাজার থেকে এক লাখ টাকার শুঁটকি বিক্রি হচ্ছে। ছুরি, লইট্টা ও রুপচাঁদার চাহিদা বেশি থাকলেও বড় লাক্ষ্যা শুঁটকিও বিক্রি হচ্ছে। তাঁর দোকানে ২০ কেজি ওজনের লাক্ষ্যা শুঁটকিও আছে। দাম ৬০ হাজার টাকা।
চট্টগ্রামের পটিয়া থেকে আসা পর্যটক সামিউল ইসলাম জানান, তিনি আট হাজার টাকায় একটি লাক্ষ্যা শুঁটকি কিনেছেন। এ ছাড়া রুপচাঁদা কিনেছেন তিন হাজার টাকার। ঢাকার পরীবাগ থেকে আসা পর্যটক সাইফুল্লাহ রফিক কিনেছেন পাঁচ কেজি লইট্টা ও তিন কেজি ছুরি শুঁটকি।
শহরের শুঁটকির দোকানগুলোতে প্রতি কেজি ছুরি শুঁটকি ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকা, লইট্টা ৩০০-৫০০ টাকা, কোরাল ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা, লোনা ইলিশ ৪০০-৮০০ টাকা, রুপচাঁদা ৮০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের শুঁটকি বিক্রি করে পর্যটকদের ঠকাচ্ছেন বলে অভিযোগ আছে। এ ব্যাপারে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার উপদেষ্টা মুফিজুর রহমান বলেন, নিম্নমানের শুঁটকি বিক্রি করায় কক্সবাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। শুঁটকির মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরুরি।