কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছটা রাস্তার মোড়ে ১০ ডিসেম্বর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, ট্রলার মালিক ও জেলে শ্রমিকেরা অংশ নেন। সমাবেশে বক্তারা পর্যটন শহর কক্সবাজারকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান।
সমাবেশে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, কক্সবাজারকে যেকোনো মূল্যে মাদকমুক্ত রাখতে হবে। এ জন্য পুলিশের পাশাপাশি সচেতন হতে হবে স্থানীয় জনগণ, ট্রলার মালিক ও জেলেদেরও। এর পাশাপাশি নুনিয়াছটা উপকূল দিয়ে মানব পাচার বন্ধে এগিয়ে এসে দালালদের ধরার ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল, ক্ষুদ্র মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক, উত্তর নুনিয়াছটা সমাজ কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, নুনিয়াছটা ব্লাড ব্যাংকের সভাপতি নাজিম উদ্দিন, মসজিদ আল খিজির পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান, আলী হোসেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হক, সাংবাদিক আবদুল্লাহ নয়ন প্রমুখ।