পর্যটন শহর গড়ে তুলব —মোস্তাক আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারকে আধুনিক পর্যটন শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘জেলার ২৩ লাখ মানুষের কল্যাণে আমি সর্বাত্মক কাজ করে যাব। এ জন্য সবার সহযোগিতা চাই।’১৫ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় মোস্তাক আহমদ চৌধুরীকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করে।মোস্তাক আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় জনগণের জয় হয়েছে। তারা আমার কাছ থেকে সেবা ও নিরাপত্তা পাবে।’গত শুক্রবার সকাল ১০টায় তিনি কক্সবাজার সদর উপজেলার নিজ গ্রাম চৌফলদণ্ডির মাটিতে শায়িত বাবা-মায়ের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করেন। জুমার নামাজের পর তাঁর বাড়িতে শত শত মানুষ ফুল নিয়ে হাজির হন। অভিনন্দন জানান।সদর উপজেলার চৌফলদণ্ডি এলাকার জমিদার পরিবারে মোস্তাক আহমদ চৌধুরীর জন্ম। তাঁর বাবা মমতাজ আহমদ চৌধুরী খান বাহাদুর। তাঁকে এলাকার মানুষ ‘মোস্তাক মিয়া’ নামেই চেনে। ১৯৭০ সালের নির্বাচনে তিনি কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সাংসদ নির্বাচিত হন। এরপর ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় দফায় সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ ১৯৯১ সালের নির্বাচনে এই আসন থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।তাঁর স্ত্রী কানিজ ফাতেমা মোস্তাকও দীর্ঘদিন আওয়ামী রাজনীতির পাশাপাশি নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কক্সবাজার মহিলা সংস্থার চেয়ারম্যান।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের জন্য একটি আলাদা কক্ষ সাজানো হয়েছে। তাঁকে স্বাগত জানাতে জেলা পরিষদ প্রস্তুত।