পর্যটন শহরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণে পাশে বিশাল পাহাড়। পশ্চিমে প্রায় ১২০ কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। মাঝখানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিশাল গলফ মাঠ। আর এই মাঠেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়াম।

গত ৩ সেপ্টেম্বর উখিয়ার দলীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্টেডিয়ামের ভিত্তিফলকও উন্মোচন করেন। স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী বছরের (২০১৪ সালে) ফেব্রুয়ারি মাসে এখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি মাহিলা বিশ্বকাপ ক্রিকেট আসর। তার আগেই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করা হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে এই স্টেডিয়াম নির্মাণ করছে। স্টেডিয়াম নির্মাণের জন্য গলফ মাঠের ৫১ একর জমি বরাদ্দ দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, পুরো মাঠের বাইরে পাকা দেয়ালের সীমানা প্রাচীর তৈরি হয়ে গেছে। প্রাচীরের ভেতরে তৈরি হচ্ছে মাঠ। লাগানো হচ্ছে সবুজ ঘাস। ঘাসগুলো আনা হয়েছে ঢাকার বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) থেকে। মাঠের মাঝখানে তৈরি করা হচ্ছে দুটি পিচ। মাঠের একপাশে গড়ে উঠছে খেলোয়াড়দের ড্রেসিংরুম। অন্যদিকে তৈরি করা হচ্ছে এক হাজার ৫০০ জন ধারণক্ষমতার একটি দৃষ্টিনন্দন গ্যালারি। এর নিচে তৈরি হবে খেলোয়াড়দের আরেকটি ড্রেসিংরুম।

নির্মাণকাজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন বড়ুয়া জানান, গত ১২ জুলাই থেকে এই ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী নভেম্বর মাসে কাজ শেষ হবে। এখন গ্যালারির ১৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি মাহিলা বিশ্বকাপ ক্রিকেট দিয়েই এই স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। তখন পর্যটন শহর কক্সবাজারের চেহারা পাল্টে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল ২০১৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য নির্বাচিত কক্সবাজারের ভেন্যু (সমুদ্রসৈকতসংলগ্ন স্টেডিয়াম) পরিদর্শন করেন।

বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দিন বলেন, আইসিসি প্রতিনিধিদল কক্সবাজার ভেন্যু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা নির্দিষ্ট সময়ের আগেই এই ভেন্যুর কাজ শেষ করব। এই নিশ্চয়তা তাঁদের দিয়েছি।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশে আইসিসি টি-টোয়োন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ১৬টি দেশ অংশ নেবে। একই সময় আটটি দেশের অংশগ্রহণে মহিলা টি-টোয়োন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর অন্যতম ভেন্যু কক্সবাজার।

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, সমুদ্রতীরে দৃষ্টিনন্দন এই ক্রিকেট স্টেডিয়াম যে কারও মন ছুঁয়ে যাবে। এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখার পাশাপাশি সমুদ্র দর্শন দেশি-বিদেশি পর্যটকদের মুগ্ধ করবে। পাল্টে যাবে কক্সবাজারের চেহারা।

কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কক্সবাজারবাসীর প্রাণের দাবি ছিল। বর্তমান সরকার সেই দাবিটি পূরণ করছে। এর মাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকতের কথা আরও ছড়িয়ে পড়বে বিশ্বে। ফলে পর্যটক বেড়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।