পর্যটনশহরে পাশ্চাত্যের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশহর কক্সবাজারের হোটেল মোটেল রেস্তোরাঁর ইফতারে পাশ্চাত্যের আকর্ষণীয় নানা খাবারের কদর বাড়ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পাশ্চাত্যের খাবারের নানা পদ তৈরি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে হালিমের কদর সবচেয়ে বেশি।সৈকতপারের অভিজাত হোটেল সি-গাল, প্রাসাদ প্যারাডাইস, হোটেল লং বিচ, সি-প্যালেস, হোটেল লাবণী, নিরিবিলি অর্কিডসহ শতাধিক হোটেল রেস্তোরাঁয় ভ্রমণে আসা পর্যটকদের জন্য পাশ্চাত্যের ছোঁয়ায় ইফতারি তৈরি হচ্ছে। এসব হোটেল-রেস্তোরাঁয় বুফে ও সেট মেনু পদ্ধতি আছে। মোরগ কাবাব, খাসি, গরু, মুরগি ও মাছের কাবাব, মুরগির সাসলিক ও লাঠি কাবাব, ক্ষীরসা, ফিরনি, চিকেন শর্মা, রুটি, চিকেন তন্দুরি বিক্রি হচ্ছে দেদার। বিকেল চারটার পর শহরের ঝাউতলা ইনানী ফুড কোর্টের ইফতার বাজারে মানুষের ভিড় বাড়ে। এখানে প্রতিকেজি হালিম বিক্রি হচ্ছে ২৮০ টাকা। এ ছাড়াও চিকেন মোসাল্লাম ২২০, চিকেন তান্দুরি ৬০, নার্গিজ কাবাব ১৫, ভেজিটেবল পাকুড়া ১০, পাটিসাপটা পিঠা ২০, ফিরনি প্রতি কাপ ২০, চিকেন ও বিফ পরাটা প্রতিটি ৪০, ইনানী কাবাব ২০, চিকেন ও বিফ সাসলিক ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ইনানী ফুড কোর্টের পরিচালক নজরুল ইসলাম জানান, প্রতিদিন তাঁরা ৩০ হাজার টাকার বেশি ইফতার বিক্রি করছেন। ১৮ আগস্ট পাঁচটায় ইফতার বাজারে হালিম কিনতে আসেন শহরের বাহারছড়ার ব্যবসায়ী মো. ইউনুস। তিনি তিন কেজি হালিম কেনেন। মো. ইউনুস জানান, ‘ইনানীর হালিমটা ভালো। দাম একটু বেশি হলেও অসুবিধা নেই।’ পাশাপাশি শহরের লালদীঘির পাড়ে বিগ বাটমস, মধুবন, বিরাম, ফুলবন, হাসপাতাল সড়কের মামারবাড়ি, পান্থাসহ নানা হোটেল রেস্তোরাঁয়ও ইফতারের জন্য লাইন ধরেন মানুষ। মধুবনের হালিম ওই এলাকায় চলছে ভালো। এখানে চিকেন ও মাটন হালিম প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। মধুবনের ব্যবস্থাপক স্বপন গুহ ও নেজাম উদ্দিন জানান, তাঁরাও প্রতিদিন ২০-২৫ হাজার টাকার ইফতারসামগ্রী বিক্রি করেন।