পর্যটনশিল্পের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান
আমাদের পর্যটনশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। একে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ শিল্পের উন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসতে হবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরের জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এর আয়োজন করে হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে বিদায়ী জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। সভাপতিত্ব করেন ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক এস এম শাহাবউদ্দিন। পরে হোটেল লাউঞ্জে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘বিউটি ফুল বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ১৬২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, জিয়াউল হক ও পার্থ প্রতিম চৌধুরী। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এর আগে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে নগরের জিইসি মোড় এলাকায় শোভাযাত্রা বের করা হয়।