পর্যটনের বিকাশ: সমস্যা ও সম্ভাবনা
গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোর আয়োজনে ‘পর্যটনের বিকাশ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

আলোচনা
আব্দুল কুদ্দুস: আপনারা জানেন, প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, অ্যাসিড সন্ত্রাসবিরোধী আন্দোলন ও ত্রাণ তৎপরতা নিয়ে কাজ করে যাচ্ছে প্রথম আলো।
কক্সবাজারকে বলা হয় পর্যটন শহর। দেশের গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বের দীর্ঘতম সৈকত। এই পর্যটন শহরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। অবশেষে তা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আলোচনা করার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। উপস্থিত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশ্বজিৎ চৌধুরী
সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা। ‘পর্যটনের বিকাশ: সমস্যা ও সম্ভাবনা’ আজকের গোলটেবিল বৈঠকের আলোচনার মূল বিষয়। এটি আমাদের ধারাবাহিক গোলটেবিল বৈঠকের একটি পর্যায়। দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম আলো গোলটেবিল বৈঠকের আয়োজন করে আসছে। বৈঠকগুলোতে ওই অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। আজকের বৈঠকে উপস্থিত আলোচকেরা পর্যটনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের পরামর্শ ও মতামত তুলে ধরবেন। শুধু কক্সবাজার নয়, দেশের পর্যটনশিল্প নিয়ে আলোচনা করব। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের পর্যটনশিল্প নাজুক অবস্থায় আছে। এ শিল্প বিকাশে সামগ্রিক বিষয়ে আলোচকদের আলোচনা সারা দেশের পাঠকের কাছে তুলে ধরব।
মো. নজিবুল ইসলাম
প্রাকৃতিকভাবে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ কক্সবাজারে পর্যটনশিল্প বিকাশের বিশাল সুযোগ রয়েছে। দুর্ভাগ্যবশত স্বাধীনতার ৪৩ বছরেও তা আমরা কাজে লাগাতে পারিনি। এক কথায় বলি, পর্যটনশিল্প বিকাশের সম্ভাবনার মধ্যে আমরা হিমালয় সমান সমস্যা নিয়ে বসে আছি।
এর প্রধান কারণ, জাতীয় পর্যায়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের ভালো কোনো প্রতিনিধিত্ব না থাকা। ফলে কক্সবাজারের সমুদ্রসৈকত ও এই অঞ্চলের পর্যটনের বিশাল সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারিনি। রাজনৈতিক নেতারা যদি তাঁদের স্ব স্ব অবস্থান থেকে নিজেদের দলীয় ফোরামে পর্যটনের বিষয়টি তুলে ধরতে পারতেন এবং এর গুরুত্ব বোঝাতে সক্ষম হতেন, তাহলে পর্যটনের এই সম্ভাবনা কাজে লাগানো যেত। এ ছাড়া এ পর্যন্ত সরকারগুলোও এদিকে তেমন নজর দেয়নি।
কক্সবাজারে পর্যটনশিল্প বিকাশের সম্ভাবনা কাজে লাগাতে হলে সর্বপ্রথম একটি রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে পর্যটনকে বিকশিত করতে হবে। তবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথা আমলাদের মধ্যে পর্যটনশিল্প নিয়ে দূরদর্শিতার অভাব রয়েছে বলে মনে করি। আমলাতান্ত্রিক জটিলতাও একটি ফ্যাক্টর। আমাদের সবার বোঝার অদূরদর্শিতা আছে।
পর্যটন নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। পর্যটন বলতে আমরা সাধারণ মানুষ বুঝি, পাঁচতারকা হোটেল, রেস্তোরাঁ, বার-ড্যান্স ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠা করা। কিন্তু পর্যটন একটি বিশাল বিষয়। পর্যটকদের কাছে ওই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের বিষয়গুলো তুলে ধরতে হবে।
কক্সবাজারের বিশাল অঞ্চল নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এই অঞ্চলের পর্যটন বিকাশে ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এর বিকল্প নেই। না হলে পর্যটকেরা এখানে আসবেন না।
মোহাম্মদ তারেক
কক্সবাজরের পর্যটনশিল্পকে বিকাশ করতে হলে এখানকার বাসিন্দাদের তিনটি জিনিস চিন্তা করতে হবে। এগুলো হচ্ছে অতীতে কক্সবাজার কী অবস্থায় ছিল, বর্তমানে আমরা একে কী অবস্থায় রেখেছি আর ভবিষ্যতে কী অবস্থায় রাখব।
একসময় কক্সবাজারের পাহাড়গুলো বনসম্পদে ভরপুর ছিল। সৈকতের পাশাপাশি এসব পাহাড় মানুষের দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু কালের পরিক্রমায় বর্তমান সময়ে এসে আমরা দেখছি, সমুদ্রসৈকত ইট-সিমেন্ট আর বাজারের জঞ্জাল। পাহাড়গুলোতে বৃক্ষরাজি চোখেই পড়ে না।
কক্সবাজারে একসময় সব ছিল। গৌরবের কোনো কিছুই এখন নেই। শুধু সমুদ্রসৈকত রয়েছে। দেখার মেতা আছে শুধু এই সৈকত। আর কিছুই প্রায় নেই। এখন এসব কীভাবে ফিরিয়ে আনা যায় কি না তা চিন্তা করতে হবে। আমরা বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম করি। কিন্তু এসব সমস্যা সমাধান বা উত্তরণের পথ আর খুঁজে পাই না। কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
কক্সবাজার এখন বাস অযোগ্য হয়ে পড়েছে। এই শহরকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এবং শহর বর্ধিত করতে হবে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য উপশহর গড়ে তুলতে হবে। যেটি হবে পরিকল্পিত।
ফজলুল কাদের চৌধুরী
প্রকৃতি আমাদের অঢেল সম্পদ দিয়েছে। কিন্তু মানুষের অত্যাচার তা নষ্ট করে দিচ্ছে। এখন আমরা এক বিশাল সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি।
শীতকালে প্রায় দুই লাখ পর্যটক আসে। মৌসুমের অন্যান্য সময়েও পর্যটকেরা আসতে থাকে। কক্সবাজারে ৩৩২টি হোটেল-মোটেল রয়েছে। এতে কর্মরত আছেন এক হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী, যার মধ্যে কক্সবাজারের স্থায়ী বাসিন্দাদের মধ্যে কর্মকর্তা পদে আছেন মাত্র ২১ জন আর কর্মচারী পদে ৫৬৭ জন।
আমরা একটি পরিসংখ্যানে দেখেছি, নাজিরের টেক থেকে টেকনাফের বদম মোকাম পর্যন্ত প্রায় তিন লাখ ২০ হাজার মশারির জাল দিয়ে চিংড়ির পোনা সংগ্রহ করা হচ্ছে। চিংড়ির পোনা সংগ্রহের সময় ১০০টি পোনার জন্য অন্যান্য মাছের ১১ কেজি পোনা নষ্ট করা হয়।
আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, কক্সবাজারের পৌর এলাকায় প্রতি দিন শহরে দিনে ৩০ টন বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন নেই। নালা কিংবা সমুদ্রে ফেলা হচ্ছে এসব বর্জ্য। এভাবে চলতে থাকলে ১০-১৫ বছরের মধ্যে ময়লার গন্ধে থাকা যাবে না। সমুদ্র ভরে যাচ্ছে ময়লা-বর্জে্য। আমরা নিজহাতে কক্সবাজারের পর্যটনের সম্ভাবনা নষ্ট করছি।
কক্সবাজারের পর্যটকদের শুধু সূর্যাস্ত দেখা ছাড়া আর তেমন কোনো সুবিধা নেই। কক্সবাজারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্যটনের স্থানগুলো পর্যটকদের কাছে তুলে ধরার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ জন্য পর্যটন করপোরেশনকে দায়িত্ব নিতে হবে।
আয়াছুর রহমান
পর্যটন একটি বিশাল ধারণা। আমাদের দেশটি নদ-নদী ও সমুদ্রসৈকত এবং পাহাড়েঘেরা। সব মিলিয়ে পুরো দেশটিই পর্যটনের জন্য উপযুক্ত। তাই শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশকে পর্যটনবান্ধব করার প্রয়াস নিতে হবে। এ জন্য পর্যটন মন্ত্রণালয়কে ঢেলে সাজানো দরকার। এ মন্ত্রণালয়ের মূল পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁরা ওখানে অবসর কাটান।
এ খাতে সমস্যা যেমন আছে, তেমিন সম্ভাবনা রয়েছে। তবে গোড়াতেই যদি ভূত থাকে তাহলে সমস্যা কাটানো যাবে না। এ জন্য সম্ভাবনাময় মানুষদের মূল দায়িত্ব দিতে হবে। বাংলাদেশের পর্যটনের স্থানগুলো সারা বিশ্বে পরিচিত করতে তেমন কোনো উদ্যোগ নেই। এটি করতে হলে কূটনৈতিক পর্যায়েও প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে বিভিন্ন প্রকল্পও গ্রহণ করা যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিকেরা থাকলেও তাঁরা দেশের পর্যটনশিল্প বিপণনে কোনো পদক্ষেপ নেননি। বিশ্বের বিভিন্ন দেশে সরকারের পক্ষ থেকে পর্যটকদের ঘোরার জন্য বাসের ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে এই ব্যবস্থা নেই।
দেশের এসব স্থান পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে হলে সারা দেশে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আর কক্সবাজারকে ঢেলে সাজাতে হলে যোগাযোগব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন। কক্সবাজারে পর্যটকদের যাতায়াত সুবিধার্থে মহাসড়কটি চার লেনে উন্নীত করতে হবে।
চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কথা বলা হয়েছে। রেললাইনের ভিত্তিপ্রস্তর করা হলেও তহবিল জটিলতায় কাজ হচ্ছে না। ঢাকা থেকে দোহাজারী পর্যন্ত রেললাইন হলে পর্যটকেরা সহজেই কক্সবাজারে আসতে পারবেন। কক্সবাজারে আসা-যাওয়ার জন্য তাঁদের আর চট্টগ্রামে নামতে হবে না।
আমাদের বাণিজ্য এখন দক্ষিণমুখী। কক্সবাজারের উন্নয়ন হলে দেশের শুধু পর্যটনের উন্নয়ন হবে না, বাণিজ্যেরও উন্নতি হবে। কেননা এখানে গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
আবু মোর্শেদ চৌধুরী
সরকার ২০১০ সালে যে পর্যটন নীতিমালা করেছে, সেখানে বহুমাত্রিক পর্যটনের কথা বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বহুমাত্রিক পর্যটনশিল্পের সম্ভাবনা রয়েছে শুধু কক্সবাজারে। বহুমাত্রিক পর্যটনে সাংস্কৃতিক, ইকো, স্পোর্টস, কমিউনিটি ও ভিলেজ টুরিজম থাকবে। এর আওতায় দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে হবে। তাহলেই বহুমাত্রিক পর্যটনের ধারণা সফল হবে।
এই ধারণার ভিত্তিতে কক্সবাজারের পর্যটনশিল্প বিকশিত করতে হলে সামাজিক, রাজনৈতিক ও আমলাদের কমিটমেন্ট থাকতে হবে। আন্তরিকতা ছাড়া উন্নয়ন সম্ভব হবে না।
বিশ্বের বিভিন্ন দেশ তাদের সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নতি করছে। তাই আমাদের উপজেলা-ইউনিয়ন-গ্রামভিত্তিক পর্যটনের ব্যবস্থা করতে হবে। এখানে যত বেশি পর্যটক থাকবে, তত বেশি আয় হবে। এ জন্য উদ্যোগ আমাদের নিতে হবে।
কক্সবাজারে অপরিকল্পিত নগরায়ণ করে ধ্বংস করে ফেলা হয়েছে। এখন প্রায় শেষ পর্যায়। তার পরও কিছু সময় আছে। এখন তা কাজে লাগাতে হবে।
বিদেশিরা এখানে আসতে চান। তাঁরা আমাদের পরিবেশ ও সংস্কৃতি উপভোগ করতে চান। কক্সবাজারের প্রতিটি ঘরকে পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা যায়। সেখানে আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা করব। বাঁকখালী নদীতে নদীভিত্তিক পর্যটনকেন্দ্র চালু করা যায়। এভাবে পর্যটনশিল্পকে বিকশিত করা হলে পোশাকশিল্প থেকে বেশি আয় হবে।
শামীম আকতার
কক্সবাজারে নৈসর্গিক সৌন্দর্য দেখলেই বোঝা যায়, প্রকৃতি তার উদারহস্তে ঢেলে সাজিয়েছে এই অঞ্চলকে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে সৌন্দর্যের মুকুট ধারণ করতে পারে।
আমরা থাইল্যান্ডের পাতায়া সমুদ্রসৈকতে দেখি, সেখানে সব সময় পর্যটকদের ভিড়। এটি সম্ভব হয়েছে সেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে। পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। উন্নত যোগাযোগব্যবস্থা রয়েছে। পুরো এলাকায় পর্যটকবান্ধব পরিবেশ তৈরি হয়ে আছে। আর সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করায় তা সম্ভব হয়েছে। এই সৈকত নেটিং দিয়ে ঘেরাও করা রাখা হয়েছে। যাতে স্নান করতে গিয়ে কেউ প্রাণ না হারায়।
আমাদের কক্সবাজার সমুদ্রসৈকতে স্নান করতে গিয়ে প্রতিবছর মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। সৈকতে স্নান করার জন্য তেমন কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। আমরা বলছি না, ১২০ কিলোমিটার সৈকতকে নেটিংয়ের আওতায় আনতে হবে। যেখানে পর্যটকদের বিচরণ বেশি, সেখানেই নেটিংয়ের ব্যবস্থা করা হোক। যাতে আর কোনো প্রাণ না ঝরে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝঁুকিপূর্ণ বাঁকগুলো দুর্ঘটনামুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে। কক্সবাজার শহরের যানজট নিরসনে প্রধান সড়কটি প্রশস্ত করতে হবে।
পর্যটকদের বিনোদনের জন্য সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে ওয়াটার ওয়ার্ল্ড তৈরি করা প্রয়োজন। এখানে সাগরতলের বৈচিত্র্যময় প্রাণিজগৎকে তুলে ধরা হবে। কক্সবাজারের সমুদ্রসৈকতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা যায়।
আবু তাহের চৌধুরী
আজকে আমরা কক্সবাজারে বসে জাতীয় বিষয়ে আলোচনা করছি। আজকের আলোচনায় কক্সবাজারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশের প্রধান পর্যটন শহরটিতে পর্যটক না এলে এই শিল্পের বিকাশ হবে না।
পূর্ববর্তী বক্তাদের আলোচনা শুনে মনে হয়েছে দেশে পর্যটনশিল্পের বিকাশ হচ্ছে না। তবে পর্যটন করপোরেশনের তথ্যানুযায়ী দেশের পর্যটন স্থানগুলোতে দেশি পর্যটকের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। আর বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে আনুপাতিক হারে। করপোরেশনের এই তথ্য নিয়ে আমার দ্বিমত নেই। তবে বিদেশি পর্যটকের সংখ্যা নিয়ে আমার আপত্তি আছে। কেননা বিদেশি পর্যটকের সংখ্যা প্রতিবছরই কমছে। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে দেশি পর্যটকের সংখ্যা বাড়ে এটা ঠিক। এতে অবশ্য অর্থনৈতিক খুব একটা ইতিবাচক প্রভাব পড়ে না। কেননা তখন দেশের টাকা দেশে থাকছে।
অন্যদিকে নেপালে বিদেশি পর্যটকের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। কেননা সেখানে অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে। এখানে যদি এ ধরনের ভিসার ব্যবস্থা করা যায় এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে পর্যটকের সংখ্যা বাড়বে। পর্যটকদের জন্য কক্সবাজারে নৈশ বাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
কক্সবাজারের সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটিকে ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়নি। ফলে তাদের পক্ষে বেশি কিছু করা সম্ভব হয় না। কমিটিকে প্রয়োজনীয় ক্ষমতা ও অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করছি। আর হোটেল ব্যবসা করতে গেলে ৩০টি লাইসেন্স নিতে হয়। এ জন্য সময় লাগে তিন বছর। তাই এ জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে।
আবুল কাসেম সিকদার
স্বাধীনতার পর ৪২ বছরের হিসেবে কক্সবাজারের পর্যটন বিকাশের অগ্রগতি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আবার যদি ১৫ বছরের হিসাবে এই অগ্রগতি অত্যন্ত আশানুরূপ। একসময় এখানে ১৩টি হোটেল ছিল। এখন হোটেল-মোটেল আছে ৩৩৮টি। এই শিল্পে গত তিন-চার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। প্রতিবছরই সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। কক্সবাজারের হোটেলগুলো যদি ভর্তি থাকে তাহলে সরকারকে প্রতিবছর এক হাজার ১০০ কোটি টাকা রাজস্ব দিতে পারব।
অত্যন্ত দুঃখের বিষয়, নাজিরারটেক থেকে শাহাবউদ্দিন পর্যন্ত যাঁরা জমির মালিক, তাঁদের অধিকাংশই হচ্ছেন সরকারি কর্মচারী, প্রবাসী ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। প্রকৃত পর্যটনসেবীরা এখানে আসেননি। কক্সবাজারের জন্য মহাপরিকল্পনা না হওয়ায় ওয়ার্কপ্ল্যানও করা হয়নি।
আজকের আলোচনায় এই শিল্পের সম্ভাবনার ব্যাপারে একমত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমরা এখনো সৈকতের ১২০ কিলোমিটার ব্যবহার করতে পারিনি। ৪২ বছর ধরে মাত্র তিন কিলোমিটার সৈকত ব্যবহৃত হচ্ছে।
এখন পর্যটনশিল্পের চিহ্নিত সমস্যা নিরসন করার জন্য মহাপরিকল্পনা ও কার্য পরিকল্পনা তৈরি করতে হবে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য প্যাকেজের ব্যবস্থা করা প্রয়োজন।
ছত্রধর ত্রিপুরা
বিশ্বের অন্যান্য দেশের সমুদ্রসৈকতে পর্যটকেরা কেন যান, সেটি ভেবে দেখতে হবে। ওখানে পর্যটকদের জন্য যে ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়, সেগুলো কক্সবাজারে আছে িক না? বিষয়টি আমাদের ভেবে দেখতে হবে। তবে আমার মনে হয় এখানে অনেক কিছু অনুপস্থিত রয়েছে।
উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে নিরাপত্তা। যে অঞ্চল যত বেশি সুরক্ষিত ও নিরাপদ সে অঞ্চল তত বেশি উন্নত। কক্সবাজার ছোট জনপদ নয়। এখানে অনেক সন্ত্রাসী বাহিনী রয়েছে। সন্ত্রাসী বাহিনীগুলো পর্যটকদের আক্রমণ করেছে, এ রকম কোনো ঘটনা নিকট অতীতে নেই। তারা নিজেদের মধ্যে প্রভাব বিস্তারে ব্যস্ত। ইতিমধ্যে কিছু বাহিনীকে দমন করা হয়েছে। শহরের নিরাপত্তা পরিস্থিতি অনেক শান্ত। পর্যটকেরা এখানে ছিনতাইয়ের শিকার হচ্ছেন, এ রকম ঘটনা ইদানীং খুব কম।
কক্সবাজারের ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতের গুরুত্বপূর্ণ অংশগুলোতে আমাদের নজরদারি রয়েছে। তবে কিছু অংশে নজরদারি করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা পর্যটকদের সচেতন করতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। তাঁরা যদি পর্যটকদের সৈকতের অবস্থান তুলে ধরেন, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
পর্যটকদের সেবা দেওয়ার জন্য জাতিসংঘের অর্থায়নে কক্সবাজার শহরে কলাতলী, বাস টার্মিনাল ও লাবণী পয়েন্টে তিনটি হেল্পডেস্ক স্থাপন করা হবে। কমিউনিটি পুলিশের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছি।
সরওয়ার কামাল
প্রধানমন্ত্রী কক্সবাজারের পর্যটন বিকাশের বিষয়ে আন্তরিক। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সৈকত মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই মহাপরিকল্পনাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যটন বিকাশ করতে হলে প্রয়োজন অবকাঠামোর উন্নয়ন। এর মাধ্যমে সড়কব্যবস্থার উন্নয়ন ও কক্সবাজার পর্যন্ত রেললাইনের সমপ্রসারণ ইত্যাদি। এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি অতিদ্রুত বাস্তবায়ন করতে পারব।
রেললাইন সম্প্রসারণের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে জেনেছি, এখনো পর্যন্ত ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
কক্সবাজারের পর্যটন বিকাশে অনেক পরিকল্পনা আছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে সব বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হলে এখানে দ্রুত পর্যটনের বিকাশ ঘটবে। আর এ জন্য সরকারের পক্ষ থেকে এই শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।
কক্সবাজার পৌরসভার জন্য মহাপরিকল্পনা থাকলেও এখন বিশদ মহাপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। আগামী এক বছরের মধ্যে এই মহাপরিকল্পনা তৈরি করার চিন্তা আছে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সব রাজনৈতিক দলের মতৈক্য থাকতে হবে। ক্ষমতার পালাবদল হলেও প্রতি সরকার এটি বাস্তবায়ন করবে।
কক্সবাজারের পর্যটন বিকাশে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করতে হবে। যে কমিটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। সৈকত ব্যবস্থাপনা কমিটির অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই কমিটি ও জেলা প্রশাসককে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হলে তা অনেক বেশি কার্যকর হবে। এতে করে কক্সবাজারের আকর্ষণ বাড়বে, পর্যটকও আসবে।
এ কে এম ফজলুল করিম চৌধুরী
কক্সবাজারে অপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন হচ্ছে। হোটেল-মোটেলগুলোর জন্য পয়ঃনিষ্কাশনব্যবস্থা নেই। যত্রতত্রভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এখানকার পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে হবে। অবশ্যই কক্সবাজারের পরিবেশ সংরক্ষণ করতে হবে।
এখনো পর্যন্ত কক্সবাজারে শিশু কিংবা ইকো পার্ক করা হয়নি। এগুলো করা হলে বাচ্চারা এখানে আসবে। বড়রা সৈকতে চলে যাবেন। তাই এসব দ্রুত করা উচিত।
কক্সবাজারের দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সমস্যা বিদ্যমান রয়েছে। তাদের কারণে বনজসম্পদ নষ্ট হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এই সমস্যার সমাধান করতে হবে।
কক্সবাজারের পর্যটন বিকাশে সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন কিংবা এসব সমস্যার সমাধান করা সরকারের একার পক্ষে সম্ভব না। এ জন্য সবাইকে সম্পৃক্ত করতে হবে। সদিচ্ছা থাকলে পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে না।
জাফর আলম
কক্সবাজার হচ্ছে বাংলাদেশের আয়না। এর প্রতিচ্ছবি দিয়ে দেশ সারা বিশ্বে পরিচিত হবে। পর্যটকের জন্য আকর্ষণীয় করে তুলতে হলে কক্সবাজারকে অপরিবর্তিত রেখে ঢেলে সাজানো যেতে পারে। এই অঞ্চলের সৌন্দর্যের ব্র্যান্ডিং সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।
কক্সবাজারকে দেশের আলাদা কোনো অঞ্চল হিসেবে দেখলে হবে না। ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, তেমনি কক্সবাজার হচ্ছে পর্যটন রাজধানী। গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এখানে হাইপ্রোফাইলের রাজনীতিবিদ না থাকায় এর উন্নয়ন হবে না, তা হতে পারে না। অরাজনৈতিক চিন্তা থেকে এর উন্নয়নে কাজ করতে হবে। তবে এ ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। কেননা পৃথিবীর সব দেশে, সব অঞ্চলে রাজনৈতিক প্রভাবের কারণে উন্নয়ন হয়ে থাকে। এ দেশের বিভিন্ন অঞ্চলে তা হয়েছে।
আজকের সভায় উপস্থিত সাংসদকে সংসদ অধিবেশনে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নোট আকারে উপস্থাপন করতে অনুরোধ জানাই।
কক্সবাজার নিয়ে মহাপরিকল্পনা নেই, তা বলা যাবে না। মহাপরিকল্পনার একটি কপি আমার কার্যালয়ে রয়েছে। তবে আমাদের দেশে হাজার হাজার পরিকল্পনা নেওয়া হয়। আর একটি পরিকল্পনা আরেকটি পরিকল্পনাকে গ্রাস করে।
কক্সবাজারে পর্যটনের বিভিন্ন দিক রয়েছে। এর মধ্যে মহেশখালী চ্যানেল ঘেঁষে পাহাড়ের অপরূপ সৌন্দর্য রয়েছে। এসব পাহাড়ে শত শত কটেজ নির্মাণ করা যেতে পারে। তখন পর্যটকেরা কক্সবাজারে এসে আরেকটি নতুন জায়গায় বেড়ানোর সুযোগ পাবেন। নিরাপত্তা নিশ্চিত করা হলে সেখানে পর্যটকের ঢল নামবে। একই সঙ্গে এখানে বিনোদনের ব্যবস্থা করতে হবে।
আশেক উল্লাহ রফিক
রাজনৈতিক বিবেচনায় কক্সবাজারের উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু অতীতে দেখা গেছে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের অর্থ হরিলুট করা হয়েছে। রাজনীতি করার জন্য এ কথা বলছি না।
দেশের পর্যটনশিল্প বিকাশে কক্সবাজার বিশাল অবদান রাখতে পারে এ বিষয়ে সবাই একমত। তবে আমরা পর্যটন বলতে বুঝি ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতকে। এই ধারণার পরিবর্তন করতে হবে। পর্যটনের জন্য কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামকে একটি মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা উচিত। এটি করতে পারলে এই অঞ্চলে পর্যটকদের অনেক দিন ধরে রাখা সম্ভব হবে।
বর্তমানে দেশের পর্যটকেরা কক্সবাজারে এসে নিরাপদ বোধ করছেন। তাঁদের জন্য আমরা এই অঞ্চল উপযোগী করতে সক্ষম হয়েছি। দেশি পর্যটকদের জন্য কক্সবাজার উপযোগী করতে পারলে বিদেশি পর্যটকদের জন্য কেন পারব না? তবে এ ক্ষেত্রে সামাজিক ব্যবস্থাপনা বড় একটি কারণ। তবে বিদেশিদের জন্য সৈকত এলাকায় বিশেষ অঞ্চল (এক্সক্লুসিভ জোন) করা যেতে পারে।
সরকার গুরুত্ব উপলব্ধি করে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। উন্নয়নের জন্য আমাদের সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করলে এর মধ্যে বিমানবন্দর নির্মাণকাজ শেষ হয়ে যেত। এটি হলে তখন এক্সক্লুসিভ জোন করা হবে। বিদেশি বিনিয়োগকারী তখনই আসবে যখন তাঁদের জন্য সব সুবিধা নিশ্চিত করতে পারব।
আমরা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় হোটেল-মোটেল করে হরিলুট করেছি। এ জন্য কোনো মহাপরিকল্পনা নেই। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এখন ১২০ কিলোমিটার সৈকতের মধ্যে মাত্র তিন কিলোমিটার ব্যবহার করছি। এই ক্ষুদ্র এলাকায় নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছি।
রাজনৈতিক বিবেচনায় কক্সবাজারকে বঞ্চিত করা হচ্ছে, এটি ঠিক নয়। প্রধানমন্ত্রী পর্যটন বিকাশের ব্যাপারে আন্তরিক। তিনি এখানে রেললাইনের ভিত্তিপ্রস্তর করেছেন। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম করছেন। আর পর্যটনশিল্প বিকাশে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে এবং কাজ করে যাচ্ছে। স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে হোটেল-মোটেল-কটেজ সরকার নির্মাণ করবে না।
পর্যটন বিকাশের জন্য আমরা দুবাই শহরকে দৃষ্টান্ত হিসেবে নিতে পারি। সেখানে এক ছাদের নিচে পৃথিবীর সব ধর্ম ও বর্ণের মানুষ মিলিত হচ্ছে। তারা পারলে আমরা কেন পারব না? বিদেশি পর্যটকদের ব্যাপারে মানসিকতা পরিবর্তনের জন্য পর্যটন বিষয়কে পাঠাপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
যাঁরা অংশ নিলেন
আশেক উল্লাহ রফিক : সাংসদ, কক্সবাজার-২
জাফর আলম : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, কক্সবাজার
এ কে এম ফজলুল করিম চৌধুরী : অধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজ
সরওয়ার কামাল : মেয়র, কক্সবাজার পৌরসভা
ছত্রধর ত্রিপুরা : সহকারী পুলিশ সুপার
আবুল কাসেম সিকদার সাধারণ সম্পাদক, কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতি
আবু তাহের চৌধুরী : নাগরিক সমাজের প্রতিনিধি
আবু মোর্শেদ চৌধুরী : সভাপতি, কক্সবাজার সিভিল সোসাইটি
ফজলুল কাদের চৌধুরী : সভাপতি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কক্সবাজার
আয়াছুর রহমান : সাধারণ সম্পাদক, কক্সবাজার বাঁচা আন্দোলন
মোহাম্মদ তারেক : সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি
শামীম আকতার : সভাপতি, বিকশিত নারী নেটওয়ার্ক
মো. নজিবুল ইসলাম : সাধারণ সম্পাদক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার
আব্দুল কুদ্দুস : নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, প্রথম আলো
সঞ্চালক
বিশ্বজিৎ চৌধুরী: যুগ্ম সম্পাদক, প্রথম আলো
গ্রন্থনা: সুজন ঘোষ