পর্যটনের মডেল শহর গড়তে সুযোগ চান মেয়র প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভাকে পর্যটনের মডেল শহর গড়তে শেষবারের মতো সুযোগ চাইছেন মেয়র পদপ্রার্থীরা। পিছিয়ে নেই সংরক্ষিত চারটি ও সাধারণ ১২টি ওয়ার্ডের নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও। শেষ মুহূর্তে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন আর সমানে দিচ্ছেন প্রতিশ্রুতি। আজ মঙ্গলবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হচ্ছে। ২৭ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার নুনিয়াছটার ভোটার রোকেয়া বেগম (৪৫) জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারণায় লোকজন অতিষ্ঠ। প্রার্থীদের মধ্যে কেউ পৌর এলাকাকে পর্যটনের মডেল শহর, কেউ সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা, কেউ আবার রাস্তাঘাটের উন্নয়নসহ নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন। কিন্তু কোনো প্রার্থী নারীশিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নসহ নারী অধিকার নিয়ে কথা বলেন না। ফদনারডেইল এলাকার ভোটার আবদুল করিম (৫৬) বলেন, ‘আমরা গরিব মানুষ। পর্যটনের মডেল শহর করলে আমাদের কি লাভ হবে? চাল-মাছ-তেল তরকারির দাম কমলে আমাদের সুবিধা। কিন্তু এ কথা কোনো প্রার্থী বলেন না।’ এই পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ১০ জন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী মুজিবুর রহমান (আনারস), দলের বিদ্রোহী প্রার্থী রাশেদুল ইসলাম (টেলিভিশন), আবদুল খালেক (দেয়ালঘড়ি), নুরুল আবছার (টেলিফোন), চারদলীয় জোট-সমর্থিত জামায়াতের সরওয়ার কামাল (তালা), জাতীয় পার্টির রুহুল আমিন (জাহাজ), স্বতন্ত্র রোকসানা পারভিন (কাপ-পিরিচ), রণজিত কুমার দে (দোয়াত-কলম), জগদীশ বড়ুয়া (চশমা) ও জুলফিকার আলী (মাইক)। টেকপাড়া ও লারপাড়ার ভোটার আমির হোসেন (৩৪) ও কবির আহমদ (৪৫) জানান, নির্বাচনের মাত্র ছয় দিন আগে এ পৌরসভার চারবারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আবছার মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে নামায় ভোটের হিসাব পাল্টে গেছে। শেষ সময়ে এসেও নুরুল আবছার একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে মুজিবুর রহমান, নুরুল আবছার ও সরওয়ার কামালের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। মুজিবুর রহমান জানান, তিনিই একমাত্র মহাজোট-সমর্থিত প্রার্থী। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর সঙ্গে রয়েছেন। তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে ভোটারদের বলেন, মেয়র নির্বাচিত হলে নুনিয়াছটা, ফদনারডেইল, সমিতিপাড়ার কাউকে উচ্ছেদের কবলে পড়তে দেবেন না। পৌর শহরকে পর্যটনের মডেল হিসেবে গড়ে তুলবেন। নুরুল আবছার বলেন, ‘নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন সময় আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মানুষকে ভালোবাসার দায়ে আমার ওপর নেমে এসেছে নিপীড়ন। তবুও আমাকে মানুষের হূদয় থেকে সরাতে পারেননি কেউ।’ আবদুল খালেক বলেন, ভোটাররা এখন অনেক সচেতন। আবেগ আর অনুভূতি কাজে লাগিয়ে তাঁরা প্রতারিত হতে চান না। ভোটাররা এমন কাউকে মেয়র নির্বাচিত করবেন, যিনি পূর্ণ মেয়াদকাল চেয়ারে থাকতে পারবেন।’রাশেদুল ইসলাম বলেন, পৌর মেয়রকে সৎ হতে হবে। কোনো দুর্নীতিবাজ, গডফাদার দিয়ে উন্নয়ন সম্ভব নয়।সরওয়ার কামাল বলেন, ‘মেয়র নির্বাচিত হলে পৌরসভার সংখ্যালঘুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাব। জরাজীর্ণ মন্দির, ক্যাং সংস্কারসহ স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা চালাব।’ একমাত্র নারী মেয়র পদপ্রার্থী রোকসানা পারভিন বলেন, ‘আমার পাশে কেউ নেই। চারদলীয় জোটের প্রার্থী সরওয়ার কামাল আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি নির্যাতিত এক নারী। তাই একটিবারের জন্য ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে অধিকার বঞ্চিত জনগণের সেবা করার সুযোগ দিন।’