গৃহিণী মরিয়ম খাতুনের (৪৫) মাথায় পানিভর্তি কলস, ডান হাতে আরও একটি পাঁচ লিটার ওজনের প্লাস্টিকের বোতল। কিছুদূর হেঁটে একটু জিরিয়ে নিচ্ছেন, দম নিয়ে আবার হাঁটা শুরু। এভাবে পাড়ি দিলেন প্রায় দুই কিলোমিটার পথ। মরিয়ম খাতুনের জন্য এ কষ্ট নতুন কিছু নয়। দুই দিন পর পর তিনি এ পথ পাড়ি দেন। কারণ তাঁর বাড়ির আশপাশে কোনো নলকূপ নেই। শুধু মরিয়ম খাতুন নন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া গ্রামের প্রায় সবাইকেই পানীয় জলের জন্য ছুটতে হয় পাশের গ্রামে।স্থানীয় লোকজন জানান, পর্যাপ্ত নলকূপ না থাকায় উপজেলার মহেশখালী পৌর এলাকা, কুতুবজোম, বড় মহেশখালী, ছোট মহেশখালী, মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর এলাকায় পানীয় জলের সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। আশপাশের এলাকা থেকে পানি সংগ্রহ করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়ার বাসিন্দা আমান উল্লাহ ও জসিম উদ্দিন বলেন, ‘নলকূপ না থাকায় পাহাড়ের ছড়ার পানি সংগ্রহ করে তা ব্যবহার করছি। অনেকেই ছড়ার পানি না ফুটিয়ে পান করছে। ফলে ডায়রিয়া-আমাশয় লেগেই থাকে।’পৌর এলাকার হিন্দুপাড়ার বাসিন্দা ছোটন কান্তি দে ও দীলিপ কান্তি দাশ বলেন, ‘আমরা পৌর এলাকার বাসিন্দা অথচ আমাদের পাড়ায় নলকূপ নেই। প্রায় দুই কিলোমিটার দূরের নলকূপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করে পান করছি।’ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অনেক এলাকায় পুকুর-ছড়ার পানি ছাড়া আর কোনো ভালো পানি পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ওই পানি ব্যবহার করছে । ফলে এসব এলাকার লোকজন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।জানা গেছে, উপজেলার ৬৩টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে নলকূপ নেই। নলকূপ স্থাপন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকবার আবেদন করেও এ সমস্যার সমাধান হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ‘স্কুলে নলকূপ না থাকায় শিশুরা খাওয়ার পানির সংকটে আছে। নলকূপ স্থাপনের জন্য ওপরে অনেক লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।’ মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ অতি নগণ্য। ফলে গ্রামে খাওয়ার পানির সমস্যা লেগেই আছে। এসব এলাকায় পানি সমস্যা নিরসনে কমপক্ষে ৩০০ গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা দরকার। কিন্তু বরাদ্দ না পাওয়ায় পর্যাপ্ত নলকূপ বসানো যাচ্ছে না।