পর্যাপ্ত মাঠ নেই, তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ দেখলে যমজ বলে ভুল করে বসতে পারে কেউ। তবে রাব্বি আয়ান আর রিয়াশাত আয়ান কিন্তু যমজ নয়। পিঠেপিঠি দুই ভাই রোজ একই সঙ্গে স্কুলে যায়। পিঠে ভারী ব্যাগ। চোখে বড় হওয়ার স্বপ্ন। ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, স্বপ্নের অনুবাদগুলো এমন—‘আমি শচীন টেন্ডুলকারের মতো হতে চাই। আমি হতে চাই সাকিব আল হাসানের মতো।’ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে দেওয়া রিয়াশাতের চোখে সাকিব হওয়ার স্বপ্ন। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিসের ফাঁকে আরেক ভাই রাব্বি বলছিল শচীন টেন্ডুলকার হওয়ার ইচ্ছের কথা। শুধু রাব্বি আর রিয়াশাতই নয়, ধানমন্ডির মাঠটাতে প্রতিদিন সকাল-বিকেলে খেলে অনেক ছেলে। রাজধানীর বেশির ভাগ স্কুলে নেই খেলার মাঠের পর্যাপ্ত সুবিধা। ধানমন্ডি মাঠটা যেন তাদের কাছে বেঁচে থাকার অক্সিজেন।এমনিতেই সারা বছর ক্লাস, টিউটোরিয়াল আর হোমওয়ার্কের ঠাসাসূচিতে ভরা শিশুরা খেলার সময়ই পায় না। এর ওপর কম্পিউটার আর মোবাইল গেমস শিশুদের শারীরিক ও মানসিকভাবে বোতলবন্দী করে রেখেছে। বেশির ভাগ অভিভাবকই তাই ছেলেমেয়েদের খেলাধুলার সুযোগ দিতে ব্যাকুল। কিন্তু চাইলেই সুযোগটা পাচ্ছেন কই?জাতীয় স্কুল ফুটবল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট ছাড়া ছোটদের খেলার সুযোগ বলতে গেলে একেবারেই নেই ক্রীড়া ফেডারেশনগুলোতে। তবে এর বাইরে শুধু হ্যান্ডবলই ঘটা করে আয়োজন করে বালক ও বালিকাদের স্কুল প্রতিযোগিতা। এমনকি আন্তর্জাতিক হ্যান্ডবল ফেস্টিভালেও অংশ নেওয়ার সুযোগ করে দেয় ছোট খেলোয়াড়দের। ইদানীং স্কুল রাগবিরও আয়োজন হচ্ছে। কিন্তু ফুটবল, হ্যান্ডবল, রাগবির চেয়ে ক্রিকেটেই যেন নজরটা বেশি সবার। অভিভাবকেরাও হুমড়ি খেয়ে পড়ছেন ছেলেমেয়েদের সাকিব, তামিম বানাতে। ধানমন্ডি মাঠে এমনই সাত-আটটি ক্রিকেট একাডেমি রয়েছে। প্রতিদিন এসব একাডেমিতে অনুশীলন করে এক শ থেকে দেড় শ শিশু-কিশোর। স্কুলের পড়াশোনার চাপ আর ক্রিকেটার হওয়ার নেশাটা একই সঙ্গে ধরেছে এদের। অরণি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নওফেল চৌধুরীর ক্রিকেট খেলতে খুবই ভালো লাগে। কখন স্কুল ছুটি হবে, কখন মাঠে আসবে—নওফেলের মনে একটাই চিন্তা ঘোরে সারাক্ষণ। ক্রিকেট খেলার প্রসঙ্গ তুলতেই উচ্ছ্বসিত এই কিশোর বলছিল, ‘এখানে বন্ধুদের সঙ্গে খেলতে খুবই ভালো লাগে। প্র্যাকটিসের ফাঁকে অনেক মজা করি আমরা।’ সকাল সাতটায় স্কুলে যায় নওফেল। স্কুল শেষ হয় বেলা দুইটায়। এরপর অনুশীলনে আসে। এরই মধ্যে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টে ইন্দিরা রোডের হয়ে খেলেছে নওফেল। নওফেলের মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে না সোহেল রানা। ওর স্বপ্ন ফুটবলকে ঘিরে। নটর ডেম লিটারেসি হাইস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র এ বছর পাইওনিয়ার অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট খেলেছে। ভবিষ্যতে জেএফএ কাপে খেলার ইচ্ছা। ফুটবল খেলার জন্য মাঠটাই সোনার হরিণ সোহেলদের কাছে, ‘আমাদের এখানে খেলার মাঠ পাওয়া খুব কঠিন।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফের মাঠে প্রতিদিন বিকেলে বেশ কিছু শিশু-কিশোরকে খেলতে দেখা যায়। তবে সেখানেও সীমাবদ্ধতা আছে। আরামবাগের স্থানীয় প্রভাবশালীরা বাফুফের সম্পত্তিটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিই বানিয়ে ফেলেছে! সেখানে চলছে একটি একাডেমির ফুটবলারদের প্রশিক্ষণ। টার্ফে নিয়মিত পানি দেওয়া হয় না বলে খেলতে বেশ অসুবিধায় পড়ে এসব ছেলে। সোহেল তাই ঘাসের মাঠেই বেশি স্বাচ্ছন্দ্যে খেলে, ‘টার্ফে অনেক গরম। টার্ফের নিচে থেকে তাপ ওঠে। খেলতে গেলে মনে হয়, আমাদের কাফ মাসল আটকে ধরছে কেউ।’ আরামবাগের আশপাশে তেমন ভালো খেলার মাঠ নেই বলে এখানেই খেলে ইমরান হোসেন। সেগুনবাগিচা হাইস্কুলের নবম শ্রেণীর এই ছাত্র বলছিল, ‘আমার পড়ালেখার চাপ থাকে অনেক। তবুও পড়ার পাশাপাশি খেলাধুলা করি। আগে কম্পিউটারে ফিফা ইলেভেন-টুয়েলভ ভার্সনের গেমস খেলতাম। কিন্তু সারা দিন বাসায় বসে খেলতে মোটেও ভালো লাগে না।’ খেলাধুলা মোটেও পছন্দ করেন না ইমরানের বাবা। তবে মা কখনো বাধা দেননি। ফুটবল খেলাটা এখন নেশায় পরিণত হয়ে গেছে ইমরানের। স্কুলের উঁচু-নিচু মাঠে খেলতে পারে না বলে বাফুফের অ্যাস্ট্রো টার্ফে খেলে। খেলাটা টানে বলেই ওরা খেলতে আসে মাঠে। কিন্তু এমনও অনেকে আছে, যাদের জোর করেই খেলাধুলায় নিয়ে আসেন বাবা-মা। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যেসব ছেলেমেয়ে তায়কোয়ান্দো খেলা শিখছে, তাদের অনেকের কাছেই খেলাটা গৌণ। তায়াকোয়ান্দোর কোচ এবং ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলামও এ রকমই বললেন, ‘এখানে যেসব ছেলেমেয়ে আসে তাদের অনেকেই বাড়িতে বসে থেকে অলস আর মোটা হয়ে যায়। তাদের ফিজিক্যাল ফিটনেস বাড়াতেই খেলায় আসে। আবার অনেকে মানুষ দেখলে ভয় পায়। ভিড় পছন্দ করে না। তারাও এখানে এসে ভয়টা কাটাচ্ছে।’ ধানমন্ডি মাঠে ছেলের অপেক্ষায় বসে থাকা অভিভাবক ফ্লোরেন্স তালুকদারের কথায়ও পাওয়া গেল একই রকম সুর, ‘ঢাকা শহরে ছেলেমেয়েদের খেলার তেমন ভালো পরিবেশই নেই। আমার ছেলেকে তাই এখানে নিয়ে আসি। এখানে ওর বিনোদনটাও হচ্ছে। সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজও হচ্ছে। এ কারণেই ওকে ক্রিকেট কোচিংয়ে দেওয়া।’ অন্য খেলার চেয়ে শিশুরা ক্রিকেটের দিকেই বেশি ঝুঁকছে বর্তমানে। সিসিএস ক্রিকেট একাডেমি ও বিসিবির কোচ দিপু রায়চৌধুরী এর কারণটা ব্যাখ্যা করলেন, ‘আমাদের দেশে ক্রিকেটের জোয়ারটা শুরু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর থেকেই। এখন সবাই হয়ে গেছে ক্রিকেটমুখী।’ ঝাঁকে ঝাঁকে ক্রিকেটার আসছে সত্যি। কিন্তু এত ক্রিকেটারের খেলার মাঠ কোথায়? সমস্যাটা ভালোই বোঝেন দীপু চৌধুরী, ‘এটা ঠিক, ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা মাঠ। পার্কগুলোও যদি বাচ্চাদের খেলার জন্য উন্মুক্ত করে দিত তাহলে খুবই ভালো হতো। একটা মাঠে অনেকেই একসঙ্গে খেলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আবাহনী মাঠেই সাত-আটটা একাডেমি আছে। অনেক কষ্টের মধ্যেও সবাই কিন্তু প্র্যাকটিসটা করছে। আর কোনো উপায় নেই বলেই করছে।’ উপায় নেই, তবুও সবাই খেলার জন্য মাঠে আসতে চায়। মাদক আর সন্ত্রাস থেকে সন্তানদের দূরে রাখতে বাবা-মায়েরা খেলার মাঠকেই বেছে নিয়েছেন বিনোদনের কেন্দ্র হিসেবে। তবে জাতীয় পর্যায়ের খেলাধুলায় বেশির ভাগ ক্ষেত্রে সচ্ছল পরিবারের শিশুদেরই আসতে দেখা যায়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের খুঁজেই পাওয়া যায় না।