পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও মিলনায়তন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের বাংলা বিভাগে মাত্র দুটি শ্রেণীকক্ষ। ওই দুটি কক্ষেই সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস হয়। একটি ক্লাস চলার সময় অন্য শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হয় বাইরের বারান্দায়। এভাবে দাঁড়িয়ে সময় কাটাতে আমাদের খুব কষ্ট হয়। তবে আমাদের শিক্ষকেরা বেশ আন্তরিকতার সঙ্গে ক্লাস নেন। পরিবেশও ভালো।’ এভাবেই নিজের কলেজের সমস্যা ও পরিবেশের কথা তুলে ধরলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমেদ। নগরের আইস ফ্যাক্টরি সড়কে অবস্থিত সরকারি সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নানা সমস্যা থাকলেও কলেজের শিক্ষার মান বেশ ভালো। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কও বেশ চমৎকার। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। ফলে তাঁরা ঠিকমতো শ্রেণীর কাজ করতে পারেন না। অনেক সময় একটি কক্ষে তিন-চারটি ক্লাসও হয়। তা ছাড়া কলেজে কোনো মিলনায়তন (অডিটোরিয়াম) না থাকায় জাতীয় ও অভ্যন্তরীণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যথাযথভাবে উদ্যাপন করা যায় না। কলেজে কোনো ক্যানটিন নেই। শিক্ষার্থীদের খাবার কিনে খেতে হয় কলেজের বাইরে গিয়ে। প্রশাসনিক ভবনে একটি মাত্র ছোট্ট মিলনায়তন রয়েছে। এর ভেতরেই রয়েছে ছাত্রীদের শৌচাগার। কিন্তু সেটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্নাতকোত্তর বাংলা বিভাগের ছাত্রী চন্দনা ভট্টাচার্য বলেন, ‘আমাদের কলেজে ছাত্রীদের ব্যবহারের উপযোগী কোনো শৌচাগার না থাকায় বেশ সমস্যা হয়। ক্যানটিন না থাকায় কষ্ট করে খাবার আনতে হয় বাইরে গিয়ে।’প্রায় একই অভিযোগ করেন, শিক্ষার্থী নাহিদা হোসেন। তাঁর সঙ্গে যোগ করে অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ইকবাল হোসেন বলেন, ‘আমাদের একাডেমিক ভবন অপর্যাপ্ত হওয়ায় শ্রেণীকক্ষের সমস্যা দেখা দিয়েছে। নতুন ভবন নির্মাণ করা হলে এ সমস্যা কিছুটা কমত।’ কথা হয় কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, ‘কলেজে অনেক সমস্যাই রয়েছে। তার মধ্যে একাডেমিক ভবনের অপর্যাপ্ততা, মিলনায়তন ও ক্যানটিনের সংকট ইত্যাদিই প্রধান। কলেজে জাতীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করার মতো কোনো মিলনায়তন না থাকায় বাড়তি অর্থ খরচ করে কলেজের মাঠে অনুষ্ঠানের আয়োজন করতে হয়। সরকারের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করা হলে সবাই বেশ উপকৃত হতো।’