পর্যাপ্ত সেবা পান না রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল-সংকট, বিদ্যুতের লোডশেডিং এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা হাসপাতালে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসক কিংবা সেবিকাদের মধ্যে এই হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রবণতা দেখা যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার মহালছড়ি উপজেলা হাসপাতালটিতে চিকিৎসা কর্মকর্তার পদ রয়েছে নয়টি। এর মধ্যে কর্মরত আছেন চারজন। তবে কারিগরি পদগুলোতে বিরাজমান লোকবল-শূন্যতা সম্প্রতি পূরণ হয়েছে। কিন্তু লো- ভোল্টেজের কারণে এক্স-রে যন্ত্রটি শুরু থেকেই অচল হয়ে আছে। হাসপাতালে মহিলাদের গর্ভকালীন চিকিৎসাসুবিধা নেই। জানা যায়, মহালছড়িতে বিদ্যুতের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। হাসপাতালে কোনো জেনারেটরও নেই। তাই দিনের বেলা একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়া করলেও রাতভর হাসপাতালটিতে হারিকেনই একমাত্র ভরসা। সম্প্রতি সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে একজন ও মহিলা ওয়ার্ডে ছয়জন রোগী ভর্তি আছেন। মহালছড়ি বাজার এলাকার বাসিন্দা আক্কাস আলী (৪৭) অভিযোগ করেন, ‘কোনো রোগী নিয়ে হাসপাতালে এলে ডাক্তার পাওয়া যায় না। সহকারীরাই চিকিৎসাসেবা দেন। দুপুরের পর সেবক-সেবিকাদেরও পাওয়া যায় না। রোগীদের এখানে চিকিৎসা না দিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রবণতা চিকিৎসকদের মধ্যে বেশি দেখা যায়।’মহালছড়ি উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কাকলী খীসা বলেন, ‘হাসপাতালে মাতৃত্বকালীন প্রাথমিক চিকিৎসাসেবাও পাওয়া যায় না। তাই উপজেলার গর্ভবতী নারীদের খাগড়াছড়ি জেলা সদরে গিয়ে চেক-আপ করিয়ে নিতে হয়।’মহালছড়ি উপজেলার চেয়ারম্যান সোনারতন চাকমা বলেন, ‘হাসপাতালটিই রুগ্ণ হয়ে আছে। হাসপাতালের নানা সমস্যা নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে আশার বাণী ছাড়া কিছুই পাওয়া যায়নি। অনেক তদবির করে গত বছরের ডিসেম্বর মাসে হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। সেটি এখন মহালছড়ি থেকে খাগড়াছড়িতে রোগী বহনে ব্যবহূত হচ্ছে।’হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত কয়েক মাসে দুই চিকিৎসা কর্মকর্তাসহ কারিগরি পদে কিছু কর্মচারী যোগ দিয়েছেন। এর পর থেকে হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করার চেষ্টা চলছে। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন থেকে কর্মরত ডেন্টাল সার্জন মৃদুল কান্তি ত্রিপুরা বলেন, ‘কিছু সমস্যা থাকলেও চিকিৎসক ও সহকারীদের সমন্বয়ে হাসপাতালে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন দুই চিকিৎসক যোগ দেওয়ার পর থেকে রোগী ভর্তির হার বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে।’ হাসপাতালে ওষুধের অভাব নেই বলে তিনি দাবি করেন। হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত হাসপাতালটিতে অন্তর্বিভাগে দিনে গড়ে তিন-চারজন রোগী ভর্তি হতেন। মার্চ মাসে এই হার ১২ জনে উন্নীত হয়েছে। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১২০ জন রোগীকে সেবা দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ্ মো. মুসা খান বলেন, ‘আমি কয়েক দিন আগে যোগ দিয়েছি (২৪ মার্চ)। তাই হাসপাতালের সমস্যা সম্পর্কে তেমন কিছু জানা হয়নি। তবে হাসপাতালের সেবার মান বাড়ানোর লক্ষ্যে পূর্ণ শক্তি দিয়ে কাজ করব।’