পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি কোরবানি ঈদে আমাদের পাড়ার কয়েকজন মিলে ভাগে কোরবানির পশু কিনতাম। সেবার অনেক ঘুরে প্রায় সন্ধ্যার দিকে ২০ হাজার টাকা দিয়ে একটা কালো রঙের ষাঁড় কেনা হলো। আমাদের দায়িত্ব পড়ল বাড়ি নিয়ে আসার। বাজারের ভেতর থেকে বাইরে আমার চাচারা গরুটা বের করে দিয়ে গেল। চাচা বলে দিল ভালো করে নিয়ে যাস। নতুন জায়গা একটু জ্বালাতে পারে। সেদিন আকাশে একটু মেঘ করেছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকার পথ। সোহেলের কাছে ছোট একটা টর্চ ছিল। বাজার থেকে আমাদের বাড়ি প্রায় তিন কিলোমিটারের মতো। দুই কিলোমিটারের মতো চলে এসেছি। এর মাঝে পেছনে থাকা সোহেল একবার গরুর লাথি খেয়েছে। দড়ি ধরে থাকা আশাদুল্লাহ দুইবার হুংকার শুনেছে। কালো গরু আর অন্ধকার রাত। সোহেলের টর্চের আলোতে গরুর চোখ দুটো জ্বলজ্বল করছিল। আমাদের সবার মাঝে আনন্দ ও উৎকণ্ঠা। কোরবানির গরু বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু আনন্দ বেশি সময় থাকল না। আমরা রাস্তার ধার দিয়ে গরু নিয়ে আসছি, পেছন থেকে একটা ট্রাক জোরে হর্ন বাজাল। ট্রাকের হর্নের শব্দ শুনে গরু দিল ভোঁ দৌড়। আমরাও গরুর পিছে পিছে দৌড় দিলাম। কিছুক্ষণ পর হয়রান হয়ে ফিরতে হলো। গরু লাপাত্তা। প্রায় ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর না পেয়ে সবাই একজন আরেকজনকে দোষ দিচ্ছিলাম। তুই ছাড়লি কেন? ট্রাকটা কেনই বা এল? সব দোষ ট্রাকের। সবার কাঁদো কাঁদো অবস্থা। বাড়ি গেলে কী হবে আমাদের? এরই মধ্যে কীভাবে যেন বাড়িতে খবর চলে গেছে আমরা গরু হারিয়ে ফেলেছি। বাবা, চাচা ও পাড়ার কয়েকজন টর্চ ও হারিকেন নিয়ে আমাদের খুঁজতে এসেছে। পলাতক গরুরও খোঁজ মিলল পরে। মো. কোরবান আলীকুষ্টিয়া সরকারি কলেজ।