পলাতকা

শনিবার সকাল। নাশতা খাব, চা খাব, ফেসবুক করব কিছুক্ষণ। একটা রিল্যাক্স মুডে আছি। ঘুম থেকে উঠেছি, মেয়ের সঙ্গে খুনসুটি করছি। তখনো মুখ ধুইনি, নাশতা খাইনি। হঠাৎ মুঠোফোনের পর্দায় চোখ পড়ে। ফোনটির স্ক্রিনে আলোছায়ার খেলা চলছে। ওখানে লেখা, লুলা। লুলা আমার সহকর্মী। বাড়ি ইকুয়েডর। ছুটির দিনে মোবাইল ফোনের স্ক্রিনে অফিসের কারও নাম! বিরক্তি ব্রহ্মতালুতে। মানুষকে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হয়। আমি ফোন তুললাম। ‘কাজী, এক্ষুনি আমার বাসায় চলে এসো, খুব জরুরি।’ বলেই সে ফোন কেটে দিল। বিষয় কী?
ছুটির দিন সকালে লুলার এ রকম একটি কলে আমি বিরক্ত হয়েছি বটে, কিন্তু কী এক অচেনা রহস্য আমাকে দ্রুত অস্থির করে তুলছে। বলা চলে, একরকম ঝড়ের গতিতেই আমি এক লাফে মেয়ের ঘর থেকে বের হয়ে বাঁ হাতে গাড়ির চাবি আর ডান হাতে জ্যাকেটটা নিয়ে ছুটতে ছুটতে গাড়িতে গিয়ে উঠি।
ডোর বেল টিপতে হয়নি। লুলা দরজা খুলে দিল। তারপর নিয়ে গেল ঘরের জানালার পাশে, ‘হয়েছে কী বলবে তো?’ ও আমার কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁটে আঙুল চাপা দেয়। ইশারায় আমাকে জানালায় চোখ রাখতে বলে নিজে একটি চামড়ার মোড়ার ওপর বসে পড়ে।
আমি বন্ধ জানালার কাচের ওপর চোখ রেখে দেখি পাশের বাড়ির এক শ্বেতাঙ্গ পুরুষ, মুখ শীতে শুকিয়ে যাওয়া আমের মতো, লোকটিকে ঘিরে আছেন পুলিশের তিনজন সদস্য। পুলিশের এক নারী সদস্য লোকটির সঙ্গে কথা বলতে বলতে কিছু একটা নোট করছেন, অন্য দুজন ফুটফুটে শিশু দুটির হাত ধরে আছেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের দলটি বাচ্চাগুলো নিয়ে চলে গেল। লোকটি আগের চেয়েও অধিক শুকনো মুখ করে বাড়ির ভেতরে ঢুকে গেল। হয়তো লোকটির চোখ দিয়ে পানি পড়ছে, এত দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না।
এবার আমি ঘুরে বসি। তাকিয়ে আছি লুলার মুখের দিকে। আমার চোখে হাজারো প্রশ্ন। সেসব প্রশ্ন খুব ভালোভাবেই পড়তে পারছে লুলা। ওর নীল চোখে খানিকটা আত্মবিশ্বাস। যেন ও বলতে চাইছে, আমি জানতাম। ‘তোমাকে একদিন বলেছিলাম না, মেয়েটা পালাবে?’ আমার সব মনে পড়ে গেল। লুলা অন্তত বার দুয়েক আমাকে ওর এক প্রতিবেশীর গল্প বলেছিল। দুটি অটিস্টিক শিশুর মা। বাচ্চাদের নিয়ে যারপরনাই বিরক্ত মেয়েটি। ‘শেষমেশ পালাল?’ লুলা জবাব দেয়, ‘তা ছাড়া আর কী?’
লুলার প্রতিবেশী এই শ্বেতাঙ্গ দম্পতির দুটি সন্তান। এক ছেলে, এক মেয়ে। দুটিই অটিস্টিক বাচ্চা। মেয়েটি ওর নিজের জীবন নিয়ে খুব হতাশ ছিল। বাস্তববাদী ও ভোগবাদে বিশ্বাসী পশ্চিমা নারী। জীবন তো একটাই। এই জীবন এভাবে নষ্ট করা যাবে না। তাই রাতের অন্ধকারে জীবনের এই বাস্তবতাকে উপেক্ষা করে পালিয়ে গেছে। দুই সন্তান আর স্বামীকে ফেলে। অন্য কোথাও।
কাজী জহিরুল ইসলাম
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।