পলাশপুরের ঝুড়ির কারিগরদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর গ্রামের ৪০টি পরিবার ঝুড়ি ও টুকরি তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। তবে বাজারে চাহিদা কমায় ও কাঁচামালের দাম বাড়ায় লোকসানের মুখে অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন। এখন কেবল ১৭টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত আছেন। গ্রামের একটি পরিবারের কয়েকজন সদস্য ঝুড়ি বোনায় ​ব্যস্ত l প্রথম আলো
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর গ্রামের ৪০টি পরিবার ঝুড়ি ও টুকরি তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। তবে বাজারে চাহিদা কমায় ও কাঁচামালের দাম বাড়ায় লোকসানের মুখে অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন। এখন কেবল ১৭টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত আছেন। গ্রামের একটি পরিবারের কয়েকজন সদস্য ঝুড়ি বোনায় ​ব্যস্ত l প্রথম আলো

বাড়ির আঙিনায় গোল হয়ে বসেছেন কয়েকজন নারী-পুরুষ। একজন বাঁশ থেকে কেটে নেওয়া কঞ্চি চেঁচে পাতলা আঁটি তৈরি করছিলেন। বাকিরা সেসব দিয়ে বুনছিলেন ঝুড়ি।
সম্প্রতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের পলাশপুর গ্রামে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। একসময় ঝুড়ি আর টুকরির জন্য বিখ্যাত ছিল পলাশপুর গ্রাম। তবে এখন বাঁশের ঐতিহ্যবাহী এই পণ্যের কারিগরদের চলছে দুর্দিন।
কেন এই দশা? জানতে চাইলে কারিগরদের একজন হাসমত আলী বললেন, বাঁশের দাম বাড়তে থাকলেও বাড়ছে না তাঁদের পণ্যের দাম। প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাজারের সস্তা প্লাস্টিক পণ্যের সঙ্গেও। তাই অনেকেই ছেড়েছেন বাপ-দাদার পেশা।
মাটিরাঙ্গা পৌরসভার এই গ্রামে তিন শ পরিবারের বসবাস। গ্রামের ১৭টি পরিবার বাঁশের ঝুড়ি ও টুকরি তৈরির সঙ্গে যুক্ত। এ ছাড়া আরও দশ পরিবার বাঁশের নানা পণ্য বানান। হাসমত আলী বলেন, তাঁর নিজের কোনো জমি নেই। ভারী কাজও করতে পারেন না তিনি। স্ত্রী-সন্তানসহ পরিবারের সবাই মিলে দিনে তিন থেকে চারটা ঝুড়ি বানাতে পারেন। ঝুড়ি-টুকরি বানিয়ে তাঁর প্রতি মাসে আয় হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। এই আয়ে কোনো রকমে টেনেটুনে সংসার চালিয়ে নিচ্ছেন।
হাসমত বলেন, পাঁচ-ছয় বছর আগেও গ্রামের ৪০টি পরিবার এই পেশায় ছিল। অথচ এখন অনেকেই অভাবের কারণে পেশা বদল করায় কেবল ১৭টি পরিবার এই পেশায় টিকে আছে। সাহায্য সহযোগিতা না পেলে এই পরিবারগুলোও বাঁশের ঝুড়ি-টুকরি বানানো ছেড়ে দেবে বলে আশঙ্কা করছেন তিনি।
পলাশপুরের ঝুড়ি-টুকরির কারিগরেরা বলেন, মাটিরাঙ্গায় প্রতি রোববার হাটে ঝুড়ি ও টুকরি বিক্রি করতে নিয়ে যান তাঁরা। হাটে খুচরা পণ্য বিক্রি করতে পারলে কিছুটা লাভ হয় তাঁদের। কিন্তু অনেক সময় বিক্রি তেমন হয় না। ক্রেতাদের ঝোঁক প্লাস্টিক পণ্যের দিকেই। তাই হাট থেকে বিক্রি না হওয়া পণ্য নিয়ে ফিরে আসতে হয় অনেক সময়। তখন বাধ্য হয়ে আড়তদারদের কাছে কম দামে পণ্য বিক্রি করে দিতে হয়।
কারিগর হালিমা বেগমের (৫২) স্বামী মারা গেছে বেশ কয়েক বছর। তিনি এখন সংসারের হাল ধরেছেন। হালিমা বলেন, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর তাঁর সংসার চলছিল না। তখন থেকেই বাঁশের ঝুড়ি আর টুকরি বিক্রি করে সংসার চলাচ্ছেন। দুই মেয়ের বিয়েও দিয়েছেন।
আরেক কারিগর আমেনা বেগম (৪৩) আক্ষেপ করে বলেন, ‘আগে ১০ টাকায় একটা বাঁশ পাওয়া যেত। এখন একটা বাঁশের দাম দাঁড়িয়েছে ৫০-৬০ টাকা। অথচ ঝুড়ির দাম বাড়েনি। আমরা একটা ঝুড়ি বিক্রি করি ৪০ টাকা পাই। আর একটি বাঁশ থেকে দুই থেকে তিনটা ঝুড়ি হয়।’
মাটিরাঙ্গা বাজারের আড়তদার মো. আশরাফ আলী নিজেই পলাশপুর গ্রামে গিয়ে কারিগরদের কাছ থেকে ঝুড়ি সংগ্রহ করেন। তিনি মাঝে মাঝে ঝুড়ি তৈরির জন্য কারিগরদের অগ্রিম টাকাও দেন। আশরাফ আলী বলেন, প্লাস্টিক সামগ্রীর কারণে বাঁশ শিল্প হারিয়ে যাচ্ছে। আগে জেলায় টুকরি আর ঝুড়ির অনেক চাহিদা ছিল। বর্তমানে প্লাস্টিক পণ্য বাজার দখল করে নিচ্ছে।
উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফা বলেন, ঝুড়ি-টুকরির কারিগরেরা সরকারিভাবে কোনো ঋণ পান না। যদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঋণসুবিধা নিয়ে এগিয়ে আসে, তবে তাঁরা এই পেশা ধরে রাখতে পারবেন।