পলাশের রাঙা হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পাহাড়ে ঘেরা খাগড়াছড়ি শহরে বসন্ত এসেছে। বসন্ত এনেছে শহরের শিল্পকলা একাডেমীর ভবন ঘেঁষে দাঁড়িয়ে থাকা উদ্ধত পলাশগাছটি। গাছটির সারা অঙ্গে ফুলের শোভা। নিচের পিচঢালা কালো পথটিও ঢেকে গেছে কমলা রঙের পাপড়িতে। এ পথে হেঁটে যেতে যেতে পথিকেরা তাই ক্ষণিকের জন্য আনমনা হয়ে পড়েন। হয়তো মনে পড়ে যায়, ‘বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ।’খাগড়াছড়ি শিল্পকলা একাডেমীর সম্পাদক জীতেন বড়ুয়া জানান, বর্তমান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তখন বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছটি লাগানো হয়। এই গাছের বয়স এখন ১৫ বছর। প্রতিবছর নিজেকে অপরূপ সাজে সাজায় গাছটি। প্রতি বিকেলে তাই সৌন্দর্যপিয়াসী নগরবাসী ভিড় করেন পলাশতলায়।পলাশ ফুলের রং লাল নয়, গাঢ় কমলা। মিল আছে শিম ফুলের সঙ্গে। লম্বা বাঁকানো পাপড়ি ঘন হয়ে যেন এ-ওর পিঠের ওপর পড়তে চাইছে। পাতা যৌগিক। তবে শীতের শেষে পাতা ঝরে যায়। আর তখন পুরো গাছের ডালপালাজুড়ে প্রকাশিত হয় পলাশ। এর ইংরেজি নামটি বড়ই মধুর। ইংরেজ সাহেবরা আদর করে ডাকেন ‘ফ্লেইম অব ফরেস্ট’, অর্থাৎ অরণ্যের আগুন। বসন্তের এই ফুলের আরেক নাম ‘কিংশুক’। রুদ্র পলাশ নামে পলাশের আরও একটি জাত আছে। পলাশ ফুলে প্রচুর মধু থাকে। আর এ মধুর লোভে ভিড় করে মৌমাছি, প্রজাপতি, কোকিল, ময়না, টিয়া, বুলবুলি, শালিক, কাঠঠোকরা, কাঠবিড়ালিসহ অসংখ্য পাখি ও প্রাণী।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, পলাশের বৈজ্ঞানিক নাম butea monosperma। এই গাছের বিচি থেকে তৈরি হয় ভেজষ ওষুধ। শিকড়ের আঁশ থেকে দড়ি তৈরি হয়।রবীন্দ্রনাথ বলেছেন, ‘রাঙা হাসি রাশি রাশি অশোকে-পলাশে।’ পলাশের এই রাঙা হাসি না দেখে উপায় কী! শত দুঃসংবাদের মাঝেও যে ফাগুনের উদ্ধত ঘোষণা দিচ্ছে গাছটি।