পলি জমে নষ্ট খেত
শরতের প্রথমদিকের বৃষ্টিতে পলি জমে ও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফটিকছড়ি উপজেলায় প্রায় ১৬০ হেক্টর আমনখেত নষ্ট হয়ে গেছে। জানা যায়, জাফতনগর, সমিতিরহাট, রোসাংগিরী, সুয়াবিল, সুন্দরপুর, নারায়ণহাট ও হারুয়ালছড়ি এলাকায় গত জুলাই মাসে একবার এবং ঈদের সময় অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আমনের জমিতে পলি জমেছে। কিছু জমিতে জলাবদ্ধতাও দেখা দেয়। পানিতে ডুবে আমন চারায় পচন ধরে। উপজেলার সুয়াবিল ইউনিয়নের ভাঙ্গাদীঘির পাড় গ্রামের মো. আলমগীর, দৌলতপুর গ্রামের মো. শহীদুল্লাহ ও রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর গ্রামের মো. জসিমউদ্দিন জানান, জমি এখনো এক থেকে দুই ফুট পানির নিচে। এ মৌসুমে তিনজনের সাত একর আমনখেত নষ্ট হয়েছে। আজিমপুর গ্রামের কৃষক মো. ওয়াহিদুর রহমান, হারুয়ালছড়ি গ্রামের মো. আবু তৈয়ব বলেন, ‘আমনের চারায় ইতিমধ্যে পচন ধরেছে। এখন আর চারা লাগানোর সময়ও নেই।’ সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল আজম জানান, তাঁর ইউনিয়নের প্রায় ১৭৫ একর জমিতে এবার আমনখেত নষ্ট হয়ে গেছে। রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম জানান, বন্যায় রোসাংগিরীতে ৭০ থেকে ৮০ একর আমন ধানের জমি নষ্ট হয়েছে। ১০০ একরের বেশি জমিতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। ফলে এবার খাদ্যসংকটের আশঙ্কা করছেন তিনি। সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী জানান, বৃষ্টিতে প্রায় ১২০ একর জমি এবার জলাবদ্ধতার কবলে পড়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার ১২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে যেসব জমিতে পলি জমেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেসব স্থানে আমনের চারা পরিচর্যা করে কিছুটা হলেও ফলনের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ফটিকছড়িতে বন্যায় প্রায় ১২০ একর আমনের খেত নষ্ট হয়েছে।