পলিথিনের ছাউনি এখন আলমাস খাতুনের ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিধ্বস্ত হয়েছে আলমাস খাতুনের ঘরবাড়ি। বন্ধ আয়–রোজগারও। ১৪ ও ১৭ বছরের দুই মেয়েকে নিয়ে এখন তিনি আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের পাশে পলিথিনের ছাউনি দেওয়া ঘরে l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিধ্বস্ত হয়েছে আলমাস খাতুনের ঘরবাড়ি। বন্ধ আয়–রোজগারও। ১৪ ও ১৭ বছরের দুই মেয়েকে নিয়ে এখন তিনি আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের পাশে পলিথিনের ছাউনি দেওয়া ঘরে l প্রথম আলো

আলমাস খাতুন (৪৬)। সড়ক দুর্ঘটনায় স্বামী মারা গেছেন পাঁচ বছর আগে। দুই মেয়েকে নিয়ে সাগরের কুল ঘেঁষে বেড়িবাঁধের পাশে একটি কাঁচাঘর তৈরি করে বসবাস করতেন তিনি। মাছের পোনা সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানু তাঁর সব কেড়ে নিল। এখন দুই মেয়েকে নিয়ে পলিথিনের ছাউনির নিচে দিন কাটছে তাঁর।
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা গ্রামের বাসিন্দা আলমাস খাতুনের মতো রোয়ানুর আঘাতে নিঃস্ব হয়েছেন তাঁর বেশ কয়েকজন প্রতিবেশী। ঝড়ের তাণ্ডবে ওই গ্রামের আটটি বসতঘর জোয়ারের পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৪টি বাড়ি।
২৬ মে শরৎঘোনা গ্রামে গিয়ে দেখা যায়, আলমাস খাতুনের বসতভিটার কোনো চিহ্নই নেই এখন। পানির স্রোত ভিটার মাটি পর্যন্ত নিয়ে গেছে। তিনি এখন ১৪ ও ১৭ বছরের দুই কিশোরী নিয়ে বেড়িবাঁধের পাশে পলিথিনের ছাপড়ায় থাকছেন। আলমাস বলেন, ‘দুই কিশোরীকে নিয়ে এভাবে থাকা যায়! দরজা নেই, জানালা নেই, শৌচাগার নেই। তারপরও বাঁচার তাগিদে বসবাস করছি। আরেকটি ঘর করার সামর্থ্য যে আমার নেই!’ বলতে বলতে তাঁর গলা ধরে আসে।’
তিনি বলেন, ‘২১ মে দুপুরে প্রতিদিনের মতো নদীর ধারে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করছিলাম। এ সময় ঝড় শুরু হয়। একপর্যায়ে বেড়িবাঁধ ভেঙে সাগরের লোনা পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। দ্রুত বাড়ি গিয়ে দেখি সেটি ভেসে গেছে জোয়ারের পানিতে। পানির স্রোতের সঙ্গে যুদ্ধ করে ছয়টি ছাগল, একটি মুরগি ও কিছু কাপড় রক্ষা করতে পেরেছি। দুটি ছাগল আসবাবপত্র খাবারদাবার সবই ভেসে গেছে।’
শরৎঘোনা গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজন ঘর মেরামতে ব্যস্ত। নুর জাহান বেগমের (৪৫) ঘরের দেয়াল ধসে পড়েছিল। তিনি মাটি সংগ্রহ করছেন আবারও দেয়াল তৈরি করবেন বলে। তাঁকে সহযোগিতা করছেন তাঁর স্বামী লবণ শ্রমিক শফিউল আলম। তিন ছেলে ও ছয় মেয়ে এই দম্পতির। লবণ মাঠও ডুবে যাওয়ায় শফিউলের কোনো কাজ নেই। সামনের দিনগুলো কীভাবে কাটবে তা জানেন তাঁরা।
মগনামা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ বলেন, শরৎঘোনা গ্রামে সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাঁদের পুনর্বাসন দরকার। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, ‘ঘূর্ণিঝড়ে গ্রামের প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যা পারছি সাহায্য করছি। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’ পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, যাঁরা ঘরবাড়ি হারিয়েছেন তাঁদের আমরা বাড়ি তোলার জন্য টিন দিচ্ছি।