নগরের বড় দুটি মাঠ আউটার স্টেডিয়াম ও পলোগ্রাউন্ডে সমাবেশের অনুমতি না পেলে শেষ মুহূর্তে লালদীঘি ময়দানকে বেছে নিতে পারে চার দল। চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিনে আগামী ৯ জানুয়ারি চট্টগ্রামের সমাবেশে খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগের দিন ৮ জানুয়ারি সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু হবে। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার চট্টগ্রামের সমাবেশ থেকে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। তাঁর সমাবেশ সফল করতে চার দল ও অঙ্গসংগঠনের নেতারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তবে চট্টগ্রামে সমাবেশ করতে মাঠের অনুমতি না মেলায় দ্বিধা-দ্বন্দ্বে আছেন চার দলের নেতারা। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পলোগ্রাউন্ড না পেলে গোটা চট্টগ্রাম নগর খালেদা জিয়ার জনসমাবেশস্থলে পরিণত হবে।’এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘সরকার জনসমাবেশের ডাক দিলে আউটার স্টেডিয়াম বা পলোগ্রাউন্ড মাঠের অনুমতি পাবেই। বিরোধী দল চাইলে পাবে না, তা গণতন্ত্রের রীতিনীতি হতে পারে না। এটা স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ছাড়া আর কিছু নয়। বরং এতে অরাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে, যা সরকার ও প্রশাসনের কাম্য নয়।’গোলাম আকবর আরও বলেন, ‘আমাদের সমাবেশ আউটার স্টেডিয়াম বা পলোগ্রাউন্ড মাঠে হবে—এই আশা এখনো ছেড়ে দিইনি। তবে সরকার বাধা দিলে বিকল্প হিসেবে আমরা লালদীঘি ময়দানেই সমাবেশ করব। ওই ময়দান অনেক ছোট। তাই ওই দিন নগরের অলিগলি মানুষে পরিপূর্ণ হয়ে উঠবে। এতে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করাসহ বিভিন্ন দাবিতে চার দল রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে অন্য বিভাগীয় শহর অভিমুখে রোডমার্চ কর্মসূচি শেষ হয়েছে।এদিকে, মাঠের অনুমতি না মেলায় শেষ মুহূর্তে লালদীঘি ময়দানে খালেদা জিয়া সমাবেশ করতে পারেন। তবে পলোগ্রাউন্ড মাঠের আশা এখনো ছেড়ে দেয়নি চার দল। বিএনপির নেতারা রেলমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছেন বলে জানা গেছে।উল্লেখ্য, রেলওয়ের মালিকানাধীন পলোগ্রাউন্ড মাঠে কোনো কর্মসূচি পালনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এ কারণে সর্বোচ্চ কর্তৃপক্ষ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে চার দল আবেদন করে। ২০ ডিসেম্বর এই আবেদন করা হয়। একইভাবে আউটার স্টেডিয়ামের মালিকানা সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা ছাড়া সেনাবাহিনী এই মাঠ ব্যবহারের অনুমতি দেবে না বলে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন।