পলোগ্রাউন্ডে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পলোগ্রাউন্ড এলাকায় অস্ত্র পরিবহনের সময় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। তাঁরা অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন—সৌমেন বড়ুয়া (২৫) ও মো. বেলাল উদ্দিন (২৭)। সৌমেনের বাড়ি পটিয়ার হিঙ্গলা এলাকায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর বেলাল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি গাড়িচালক। তাঁরা নগরে বসবাস করেন। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘সৌমেন ও বেলাল এর আগে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ বিষয়ে তদন্ত চলছে। আর অস্ত্র ক্রেতা তথা সন্ত্রাসীদের শনাক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মাত্র ২৪ হাজার টাকায় এ তিনটি এলজি সন্ত্রাসীদের কাছে বিক্রি হয়। হালিশহরের ফইল্যাতলী এলাকা থেকে সৌমেন ও বেলাল অস্ত্রগুলো কার্টনে করে সন্ত্রাসীদের কাছে নিয়ে যাচ্ছিলেন। পলোগ্রাউন্ড এলাকায় তাঁদের চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে কার্টন থেকে একে একে তিনটি এলজি উদ্ধার এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি।’ সৌমেন বড়ুয়া গতকাল দুপুরে সাংবাদিকদের জানান, ‘কয়েক মাস হলো বিয়ে করেছি। আর্থিক সচ্ছলতার জন্য আমি এই কাজ করেছি।’ বেলাল উদ্দিন বলেন, ‘আমি লোভে পড়ে অস্ত্রগুলো বহন করেছি। এতে আমাকে ৫০০ টাকা দেওয়ার কথা ছিল।’