পলোগ্রাউন্ডে ব্যাপক লোকসমাগমের লক্ষ্য আ.লীগের
নগরের পলোগ্রাউন্ড মাঠে মহাজোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে নগর ও জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচারণা। ২৮ মার্চ এই মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য দেবেন। এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের উড়ালসড়ক উদ্বোধন করবেন বলে রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে। নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আন্তরিকতার সঙ্গে সবাই কাজ করছে। বড় সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভেতরে দ্বন্দ্ব থাকতেই পারে। তবে সময়ের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। প্রচারণা চলছে জোরেশোরে। মহাসমাবেশের জন্য নির্দিষ্ট সময়ের চার দিন আগে বাণিজ্য মেলা গুটিয়ে ফেলা প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি কোনো দিকে নেই। প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেছেন সেটা করছেন। তাই মেলা গুটিয়ে ফেলা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমরা এই মুহূর্তে মহাসমাবেশের আয়োজন নিয়ে ব্যস্ত আছি।’ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে ১০ লাখ লোকের সমাগম ঘটানোর প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আমরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা শুরু করেছি। জনগণের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।’ প্রসংগত, গত ৯ জানুয়ারি পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত চার দলের মহাসমাবেশে ১২ লাখ লোকের সমাগম হয় বলে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা দাবি করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন। জানা যায়, চট্টগ্রামের আলোচিত এই পলোগ্রাউন্ড মাঠের আয়তন প্রায় তিন লাখ বর্গফুট। এ ছাড়া মাঠের চেয়ে আশপাশের সড়ক ও ফুটপাতের ধারণক্ষমতা এক-দেড় গুণ বেশি হতে পারে। স্বাধীনতার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাঠে বক্তব্য দিয়েছিলেন। আওয়ামী লীগের আগের শাসনামলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার এখানে জনসভা করেছিলেন। এ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘চারদলীয় জোট জানুয়ারিতে পলোগ্রাউন্ড মাঠে ১২ লাখ লোকের সমাগম ঘটিয়েছিল বলে দাবি করছে। কত হাজারে ওদের এক লাখ হয় তা জানি না। তবে ওঁদের চেয়ে আমাদের মহাসমাবেশে তিন গুণ বেশি জনসমাগম ঘটবে, যার সংখ্যা ১০ লাখ।’নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন প্রথম আলোকে বলেন, ‘দেশে এখন মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে। এই বিচার প্রক্রিয়া বানচাল করতে স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্র করছে।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ধারার সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব চট্টগ্রামের জনগণ নেবে। ২৮ মার্চের মহাসমাবেশে এর বহিঃপ্রকাশ ঘটবে। বিপুল জনসমাগম ঘটানোর মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র চুরমার করা হবে। এখানে স্বাধীনতাবিরোধীদের কোনো জায়গা নেই। এই বার্তা মহাসমাবেশ থেকে ছড়িয়ে দিতে চাই আমরা।’ দলীয় নেতারা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নগরের অনেকগুলো সড়ক প্রশস্ত করার কাজ শুরু করেছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসী যানজট থেকে মুক্তি পাবে। একইভাবে বন্দরের উড়ালসড়ক চালু হলে বিমানবন্দরের পথেও যানজট কমে যাবে। মহাসমাবেশে সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা হবে।