পল্লি উৎসবে মাতল চকরিয়াবাসী, ২০ গর্বিত মাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ খেলাধুলা নিয়ে দুই দিনব্যাপী পল্লি উৎসবে মাতল চকরিয়াবাসী। বর্ণাঢ্য এই উৎসবে অংশ নেন কাকারা ইউনিয়নসহ আশপাশের প্রত্যন্ত এলাকার শত শত নারী-পুরুষ। এ নিয়ে সাজ সাজ রব পড়ে যায় পুরো এলাকায়।চকরিয়ার সামাজিক সংগঠন ‘সৃষ্টি দক্ষিণ কাকারা’র উদ্যোগে ১১ ফেব্রুয়ারি কাকারা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেনিবাজার মাঠে শুরু হয় এই উৎসব। পিচ্ছিল কলাগাছে উঠে কলা খাওয়া, হাডুডু, মাঠে হাঁড়ি ভাঙা, বালিশ নিক্ষেপ, মোমবাতি প্রজ্জ্বালন, ব্যাঙলাফ, রত্ন খোঁজা, রুমাল হরণ, পাথর নিক্ষেপ, দড়িলাফ, নৌকা বাইচ, বালতিতে বল নিক্ষেপ, ধীরগতির সাইকেল চালানো, রশি টানাটানি ইত্যাদি গ্রামীণ খেলা নিয়ে আয়োজিত হয় এ উৎসব। সঙ্গে ছিল চতুরদোলা, নাগরদোলা, হস্ত ও কুটিরশিল্প প্রদর্শনীসহ বিচিত্র পণ্যের রকমারি স্টল।উৎসব শেষে সৃষ্টি দক্ষিণ কাকারার পক্ষ থেকে এলাকার ২০ জন মাকে ‘গর্বিত মা’ সম্মাননা পদক দেওয়া হয়। স্নাতক বা সমমানের ডিগ্রিধারী কমপক্ষে দুজন সন্তান আছেন, এমন নারীদের এ সম্মাননা দেওয়া হয়। এই ২০ জন গর্বিত মা হলেন জওশন আরা বেগম, কামরুন্নাহার জসিম, বিলকিছ বেগম, হোছনে আরা বেগম, রেহেনা বেগম, হামিদা বেগম, মনজিলারা বেগম, ছালমা বেগম (মরণোত্তর), গোলছাবেরা (মরণোত্তর), দিলনেওয়াজ বেগম, মস্তরী বেগম, ছালেহা বেগম (মরণোত্তর), রৌশন আরা বেগম, রুনী বেগম (মরণোত্তর), শায়েস্তা বেগম, রোকেয়া বেগম, ফাতেমা বেগম, নুরুন্নাহার বেগম, মর্তুজা বেগম ও কুলসুমা বেগম। মায়েদের সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে এ পদক প্রবর্তন করা হয়। এ ছাড়া উৎসবে এলাকার কৃতী সন্তানদেরও পুরস্কৃত করা হয়।কাকারা ইউনিয়নের চেয়ারম্যান ও পল্লি উৎসবের পৃষ্ঠপোষক আলী মনছুর জানান, ‘পল্লি উৎসবের বিষয়টি এলাকার মানুষের জন্য খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার। শত শত মানুষ জড়ো হয়ে আনন্দ করছে, এ দৃশ্য আমার ভেতরে এক অন্য ধরনের অনুভূতি জাগায়।’উৎসবের আয়োজক জহিরুল ইসলাম বলেন, ‘আমরা গ্রামের মানুষেরা অভাব-অনটনে হাসতে ভুলে গেছি। আমরা বছরে একবার অন্তত সবার মুখে হাসি ফোটাতে চাই। গ্রামের সাফল্য ও সফল মানুষের সংখ্যা বাড়াতে চাই। এ জন্যই আমাদের এ আয়োজন।’