পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ১১৪০ নিয়োগ

সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি পরিচালনার জন্য জনবল নিয়োগ দেওয়া হবে। প্রকল্পে নিয়োগপ্রাপ্তদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলেও পরবর্তী সময়ে পল্লী সঞ্চয় ব্যাংকে বদলির মাধ্যমে চাকরি স্থায়ীকরণের সুযোগ থাকছে।
প্রকল্প পরিচালনার নিমিত্তে প্রধান, জেলা ও উপজেলা কার্যালয়ের মোট ১২টি পদে ১ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রধান কার্যালয়ে হিসাবরক্ষক পদে ১ জন, হিসাব সহকারী পদে ২ জন, ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩ জন, ড্রাইভার পদে ১ জন, অফিস সহায়ক পদে ২ জন ও ক্লিনার পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জেলা কার্যালয়ে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে ৬৪ জন এবং অফিস সহায়ক বা নৈশপ্রহরী পদে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। উপজেলা কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার পদে ৪২ জন, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে ৫৪ জন, মাঠ সহকারী পদে ৪২১ জন ও নৈশপ্রহরী পদে ৪৮৫ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন-প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা পদগুলোতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ওয়েবসাইটের (http://www.ebek-reportreturn.info/Pages/ApplicationForm.aspx) মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপর আবেদনের কপিটি প্রিন্ট করে নিচে স্বাক্ষর করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান কার্যালয়ে পাঠাতে হবে। এর পাশাপাশি ‘প্রকল্প পরিচালক, একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বরাবর ব্যাংকে ডিডি করতে হবে। অনলাইনে আবেদনের পর যে আইডি নম্বর পাওয়া যাবে, তা সংরক্ষণ করতে হবে। এই আইডি নম্বর ব্যবহার করে পরবর্তী সময়ে আবেদনকারী তাঁর নিজের প্রবেশপত্র ছাপিয়ে নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি।
আবেদনের শর্তাবলি ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন http://www.ebek-rdcd.gov.bd/ ওয়েবসাইটটিতে।