পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পাঁচ পদে ১৫৯ নিয়োগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে ১৫ লক্ষ গ্রাহক সংযোগ’ প্রকল্পে চুক্তির ভিত্তিতে প্রকল্পকালীন সময়ে পাঁচটি পদে মোট ১৫৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে সহকারী প্রকৌশলী পদে ৩০ জন, উপসহকারী প্রকৌশলী পদে ৪১ জন, লাইন নির্মাণ পরিদর্শক পদে ৭৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন এবং হিসাবরক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া। আবেদন করা যাবে আগামী ২২ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা: সহকারী প্রকৌশলী পদে আবেদনকারীকে প্রকৌশল অর্থাৎ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য আবেদনকারীকে তড়িৎ, যন্ত্রকৌশল, পুরকৌশল অথবা পাওয়ার বিষয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেটধারী হতে হবে। লাইন নির্মাণ পরিদর্শক পদে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে দক্ষ হতে হবে। টাইপিংয়ের জন্য বাংলা ও ইংরেজিতে মিনিটে সর্বনিম্ন গতি হতে হবে ২০ শব্দ। হিসাবরক্ষক পদে আবেদনকারীকে শিক্ষাগত পরীক্ষায় ৩টি দ্বিতীয় শ্রেণি/বিভাগসহ স্নাতকোত্তর ডিগ্রি বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণির চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা সিএ কোর্স সমাপ্ত হতে হবে।
এ ছাড়া সব পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স আগামী ৫ জুন ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে যথাক্রমে ৩২ ও ৩৫ বছর।