পল্লী বিদ্যুতের কাছে লাইন হস্তান্তরের প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পটিয়া বিতরণ বিভাগের আওতাধীন পটিয়া, দোহাজারী ও সাতকানিয়ার বিদ্যুৎ সরবরাহের লাইন পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ।
এ–সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু ছাইদ এবং সাংসদ সামশুল হক চৌধুরীর কাছে শ্রমিকনেতারা স্মারকলিপি দিয়েছেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রামের পটিয়া জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা রণজিৎ কান্তি দেবের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার যুগ্ম সম্পাদক আতাউর রহমান খান, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা কুদ্দুসুর রহমান, কামরুল হাসান, তপন কুমার চৌধুরী, সাহাব উদ্দীন, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম ও জাতীয় শ্রমিক লীগ পটিয়া উপজেলার সাবেক সভাপতি ইউসুফ নবীসহ প্রমুখ নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, লাইন হস্তান্তরের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। অবিলম্বে পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়া বাতিল করা না হলে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।