
কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি মেয়ে। কিন্তু মা নাজনীন আখতার ভেবে পান না তাঁর এত সুন্দর মেয়ের নাম কী রাখবেন। ছেলের নাম প্রচ্ছদ, তাই মিলিয়েও একটা কিছু রাখতে হবে। একদিন জানালা দিয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে ছিলেন। এক পশলা বৃষ্টির ছাট তাঁর মনে প্রশান্তি এনে দিল। সেই মুহূর্তে ঠিক করলেন মেয়ের নাম রাখবেন পশলা। নাজনীন আখতার পুরকৌশলী, স্বামী সরকারি কর্মকর্তা—দুই ছেলেমেয়েকে নিয়ে ঠিকঠাক চলছিল সব। পশলা একটু একটু করে বেড়ে উঠছে। তখন পশলার বয়স এক বছর পেরিয়ে গেছে। খুব একটা স্পষ্ট কথা বলে না। আই কন্টাক্ট ঠিকমতো করে না। এটি শুরুতে নাজনীন আখতার বা তাঁর স্বামী স্বাভাবিকভাবে নিয়েছিলেন। ‘আমি ভেবেছি আমার ছেলের মতো ও হয়তো পরে কথা বলবে। আমার বাসার বাইরে অন্য কোথাও বেড়াতে গেলে ও কাঁদতে থাকত। ভয়ে কেমন সিঁটিয়ে যেত। এমনকি আমাদের বাসায় কেউ বেড়াতে এলেও ঘরের কোণে লুকিয়ে কাঁদত। ওর ফুফু চিকিৎসক। তিনি বলতেন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ওর কিছু আচরণ অস্বাভাবিক।’ বলেন পশলার মা নাজনীন।

এভাবেই চলছিল। পশলাকে স্কুলে ভর্তি করানো হলো। দেখা হলো ক্লাসের সব পড়া ঠিকমতো লিখে আনছে। কিন্তু কান্নাকাটি করা, অন্যদের সঙ্গে মিশতে না পারা, অন্যের টিফিন খেয়ে ফেলা, কোনো বাক্য ঠিক করে বলতে না পারার সমস্যা আছে। তখন নাজনীন আখতার পশলার ফুফুর পরামর্শে ওকে নিয়ে গেলেন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রওনক হাফিজের কাছে। রওনক হাফিজই পরামর্শ দিয়ে বললেন, পশলা অটিজমে আক্রান্ত। তবে ও যেহেতু স্বাভাবিক শিশুদের স্কুলে পড়তে পারছে তাহলে পড়তে থাকুক। তবে ওর জন্য বিশেষ কিছু প্রশিক্ষণ দরকার আছে।
ক্লাস টুতে পড়ে তখন। একদিন পশলার বাবা ওকে স্কুল থেকে আনতে গিয়েছে। স্কুলগেটে দারোয়ান বলে, ‘পাগল বাচ্চাটাকে ডাকতো।’ ওর বাবা আখতার হোসেন গেটের কাছে গিয়ে দেখতে পান ও মাঠে বসে আছে। অন্য শিশুরা ওকে নিয়ে মজা করছে। পাগল পাগল বলছে। সেদিন স্কুলের শিক্ষকেরা বলেন, ওকে আর স্কুলে রাখতে চান না।
সেদিনই নাজনীন আখতার সিদ্ধান্ত নেন ওকে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করাবেন। পশলাকে নিয়ে অন্য এক যুদ্ধ শুরু হলো নাজনীন আখতারের। সকাল আটটায় ওকে স্কুলে নামিয়ে আসতেন বাসায়। এরপর অফিস। এর মধ্যে ওকে স্কুল থেকে এনে আবার অফিসে চলে যেতেন। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সময় দিতেন ওকে। যেদিন ফিরতে দেরি হয়ে যেত সেদিন খুব অসুবিধায় পড়তেন। কাজ না থাকলে অস্থির হয়ে যেত পশলা। ওর মা বুঝতে পারেন, ওকে যত বেশি সময় দেবেন, তত তাড়াতাড়ি ওর উন্নতি হবে। সময় দেওয়ার জন্য ছেড়ে দিলেন চাকরি। চাকরি ছাড়লেও ব্যস্ততা কমেনি। বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া, ওকে স্কুলে দিয়ে সংসারের কাজ গোছানো এসব তো আছেই। তবে আশার কথা হলো, পশলা আগের থেকে অনেক বোঝে। তিনি বলেন. আমাদের আরও আগে ওকে বিশেষ স্কুলে দিতে হতো। ওর ডাউন সিনড্রম ছিল না। হাইপারও ছিল না। সহজে দ্রুত যেকোনো কিছু শিখে ফেলতে পারত ও। এখন পশলা অষ্টম শ্রেণিতে পড়ছে। শুধু তাই নয়, কারিগরি প্রশিক্ষণ ক্লাস শেষে, ওখানকার স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করে। অন্য বাচ্চাদের কাপড় পরানো, খাওয়া শেখানো ও শেখায়।
৪ মে ঢাকার ইস্কাটনে পশলাদের বাসায় গিয়েছিলাম। পশলা গান গেয়ে শোনাল। রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান পছন্দ করে সে। ছবি আঁকায় পারদর্শী। পশলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঈদকার্ড করেছে। ওর আঁকা ছবি দিয়ে বিভিন্ন সাময়িকীর প্রচ্ছদ, ডেস্ক ক্যালেন্ডার হয়েছে। পোশাকে ব্লক, বাটিক তো পারেই। আজকাল শাড়িতে, টি-শার্টে আঁকছে। পুরস্কারও পেয়েছে অনেক। পশলার মা বলেন, আজকের পর্যায়ে আনতে অনেক অপেক্ষা করতে হয়েছে। এক দিনে সব শিখে ফেলবে, বোঝানোর সঙ্গে সঙ্গে বুঝবে সেটা ভাবাই বোকামি। ধৈর্য ধরতে হবে। অনেক সময় দিয়েছি। আত্মীয় পরিবারের অন্যরা সমর্থন দিয়েছে। কিন্তু আমি কখনো মনের জোর হারাইনি। মনে হয়েছে, আমাকে পারতেই হবে।
শুধু শিশুদের না, অভিভাবকদেরও প্রশিক্ষণের দরকার মনে করেন পশলার মা। কথা বলার ফাঁকে পশলা ওর আঁকা ছবি দেখাতে লাগল। বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে চায় পশলা। ওর মা চায়, ওর স্বপ্ন পূরণের পথটা যেন মসৃণ হয়।