পশু মোটাতাজা করতে খাওয়ানো হচ্ছে ক্ষতিকর পামবড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানি ঈদ সামনে রেখে পশু মোটাতাজা করার জন্য পামবড়ি হিসেবে পরিচিত একধরনের ক্ষতিকর ওষুধ ব্যবহার করছেন রামুসহ কক্সবাজারের বিভিন্ন এলাকার অসাধু পশু ব্যবসায়ীরা। রোগাক্রান্ত, কম ওজনের ও কম বয়সী গরু, ছাগল, মহিষের দ্রুত ওজন বাড়িয়ে বয়স্ক ও মোটাতাজা দেখিয়ে বেশি দামে বিক্রির জন্য এ ওষুধ খাওয়ানো হচ্ছে। এমনকি অনেক অশিক্ষিত নারীও বিশেষ করে অবিবাহিত তরুণীও এসব বড়ি খেয়ে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী বলেন, ‘পশু ছাড়াও মোটা হওয়ার জন্য মহিলারাও এ বড়ি খেয়ে মৃত্যুঝুঁকিতে পড়ছে। পশু এবং মানবদেহ এ দুইয়ের জন্যই এ বড়ি ক্ষতিকর। এ ধরনের ওষুধ খেলে মুখের দুপাশ ফুলে যায়। আপাতদৃষ্টিতে মুখ ও শরীরের অবস্থা দেখে মোটা হয়েছে মনে হলেও আসলে শরীরে পানি জমে এ রকম হয়। কয়েক মাস পর থেকেই শরীরে কিডনি সমস্যা, চামড়া ফেটে যাওয়া, বদহজমসহ নানা জটিল রোগ দেখা দিতে পারে। আর যেসব পশুকে এ বড়ি খাওয়ানো হয় সেসব পশুর মাংস খেলে মানুষেরও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।’ রামু চৌমুহনীর একাধিক ওষুধের দোকানের মালিক জানান, ‘পাম বড়ি’ খ্যাত ভারত ও মিয়ানমার থেকে আসা হলুদ ও সাদা রঙের একধরনের খোলা বড়ি ব্যবসায়ীরা পশু মোটাতাজা করার জন্য ব্যবহার করছে। এর মধ্যে ভারতীয় পিরিয়াকটিন, থাইল্যান্ডের সাইকোডিন ও ডেক্সাউইন এবং দেশে তৈরি জেসন ফার্মার ডেক্সামিন, একমির স্টেরন এবং গ্লোব ফার্মার ডি-কট পাম বড়ির তালিকায় রয়েছে। তাঁরা আরও জানান, দেশে তৈরি প্রতি ১০টি বড়ির দাম পড়ে পাঁচ থেকে ১০ টাকা। বিদেশি বড়ির দাম আরও কম। প্রায় সময় এসব বড়ির চাহিদা থাকলেও কোরবানির ঈদে চাহিদা বেড়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে দুজন গরু ব্যবসায়ী জানান, কোরবানির ঈদের তিন-চার সপ্তাহ আগে থেকে গরু মোটাতাজা করার প্রস্তুতি শুরু হয়ে যায়। পাম বড়ি খাওয়ালে গরু, ছাগল, মহিষ সুন্দর ও মোটা হয়। তাই বাড়তি দাম পাওয়া যায়। তাঁরা জানান, বিদেশ থেকে আসা সাইকোডিন ও ডেক্সাউইন একই সঙ্গে খাওয়ালে ফল পাওয়া যায় ভালো। খোঁজ নিয়ে জানা গেছে, পাম বড়ি শুধু পশু মোটাতাজা করার জন্য নয়, অনেক নারীও মোটা হওয়ার জন্য এ বড়ি খেয়ে থাকেন। কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন ‘যে সব মহিলা মোটা হওয়ার জন্য এ বড়ি খান তাঁদের শরীরের হাড় নরম হয়ে যায়, শরীরে কালো কালো দাগ দেখা দেয়, মস্তিষ্ক অপরিপক্ব হয়ে যায় এবং ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হয়ে মারা যান।’ তিনি জানান, এসব মহিলার জন্ম দেওয়া শিশু জন্মের সময় মোটা থাকলেও পরে সেই শিশুরও একই সমস্যা দেখা দিতে পারে। ভেটেরিনারি সার্জন ও রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুলহাস আহম্মেদ খান পশুকে ক্ষতিকর ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করে বলেন, ‘আমরা সব সময় মানুষকে এ ধরনের ক্ষতিকর ওষুধ না খাওয়ানোর পরামর্শ দিই। পাম বড়ি খাওয়ানোর মাস তিনেকের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। পশুর মাংস সাদা ও স্বাদহীন হয়, রক্তের রং পরিবর্তন হয়, রোগ প্রতিরোধক্ষমতা কমে একপর্যায়ে মারা যায়।’