পশুপাখির মেলায় এক চক্কর
লাল ঝুঁটি উঁচিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে ‘চাটাগাঁ কিংস’ নামের সার্থকতা প্রমাণ করে নীল মুকুট মাথায় নিয়ে দৃপ্ত পায়ে হাঁটছে ‘ক্রাউন ভিক্টোরিয়া’। সাদা, কালো, লাল ও হলুদের হরেক রঙের সাজ ‘গোল্ডেন ফিসেন্ট’ ও ‘সিলভার ফিসেন্ট’-এর শরীরজুড়ে। আর ‘আমেরিকান পিজিয়ন’ যেন গলা ফুলিয়ে জানান দিচ্ছে আভিজাত্যের। বর্ণিল সাজের সব পাখি দেখতে তাই শিশু-কিশোরদের ভিড়। আছেন বড়রাও।নগরের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী মৎস্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলায় বিভিন্ন স্টলে স্থান পায় নানা জাতের পশুপাখি। এসব বিচিত্র পশুপাখি দেখতে ভিড় জমেছিল বিভিন্ন বয়সী মানুষের। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প ও গবাদিপশুর জাত উন্নয়ন প্রকল্পের আওতায় যৌথভাবে এ মেলার আয়োজন করে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বুধ ও বৃহস্পতিবার হয়ে যাওয়া মেলায় অংশ নেয় ৪০টি স্টল। বিভিন্ন ধরনের পশুপাখি, পোষা প্রাণীর পাশাপাশি ছিল ওষুধ প্রস্তুতকারক কয়েকটি প্রতিষ্ঠানের স্টল। সবচেয়ে বেশি ভিড় ছিল ‘ওয়ার্ল্ড অব বার্ড’ নামের একটি স্টলে। এখানে প্রদর্শিত ‘ক্রাউন ভিক্টোরিয়া’, ‘গোল্ডেন ফিসেন্ট’ ও ‘সিলভার ফিসেন্টের দাম হাঁকা হয় এক থেকে দেড় লাখ টাকা। আরও ছিল ‘ম্যাকাও’ এবং ‘আমেরিকান পিজিয়ন’। ছিল বিভিন্ন প্রজাতির ময়ূর। বড় আকৃতির স্থানীয় প্রজাতির মোরগ ‘চাটগাঁ কিংস’ নিয়ে মেলায় অংশ নেন নগরের কাতালগঞ্জের বাসিন্দা হুমায়ন কবির। তিনি জানান, এ জাতের মোরগ বর্তমানে দুষ্প্রাপ্য। অতীতে এ ধরনের মোরগ সর্বোচ্চ সাত কেজি পর্যন্ত হতো। এখন সচরাচর অত বড় হয় না। হুমায়ন কবির দাবি করেন, এটি চট্টগ্রাম অঞ্চলের স্বতন্ত্র জাত। মেলা ঘুরে দেখা গেছে, খামারিরা নানা জাতের ষাঁড়বাছুরসহ বিভিন্ন ধরনের গবাদি পশু নিয়ে মেলায় অংশ নিয়েছেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল উন্নত জাতের বাছুর সংগ্রহ। মেলায় প্রজেনি শো (ষাঁড় ও বাছুর প্রদর্শন) থেকে বিভিন্ন জাতের কিছু বাছুর সংগ্রহ করা হয়েছে। এসব বাছুর সাভারের কেন্দ্রীয় দুগ্ধ খামারে পাঠানো হবে। সেখানে নানা পরীক্ষা শেষে উপযুক্ত হিসেবে বিবেচিত হলে ওই ষাঁড়ের বীজ সংগ্রহ করা হবে। যা পরবর্তী সময়ে জাত উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘কৃষক ও খামারমালিকদের নতুন উদ্ভাবিত প্রযুক্তি, চাষপদ্ধতি ও ওষুধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। এ বছর বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষার্থী মেলায় এসেছিল। এতে করে কৃষির প্রতি নতুন প্রজন্মের আগ্রহই প্রকাশ পায়। পোষা প্রাণী বাণিজ্যিকভাবে লালন-পালন যে লাভজনক পেশা হতে পারে, সে বিষয়ে তরুণেরা এ মেলা থেকে জানতে পেরেছে।’