গত বছরের ঈদুল আজহার কথা। গ্রামের বাড়ি পটুয়াখালীতে পরিবারসহ ঈদ করতে গিয়েছিলেন বেসরকারি টেলিভিশনের কর্মী রিফাত আনোয়ার। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বেশ অস্বস্তিতে পড়েন তিনি। রাজধানীর মিরপুরে থাকেন। রিফাত তাঁর অভিজ্ঞতা থেকে বললেন, ‘ঈদের ছুটি শেষে যখন ঢাকা ফিরে এলাম, তখন তো আশপাশের গলি দিয়ে হাঁটতেই পারছিলাম না। পশুর বর্জ্য থেকে পরে যে গন্ধ হয়, সেটা কাটেনি তখনো। মুখ আর নাক হাত দিয়ে চেপে চলাচল করতে হচ্ছিল। বাচ্চা মেয়েটা দুর্গন্ধে তো অসুস্থই হয়ে পড়েছিল।’
রিফাতের মতোই অস্বস্তিতে পড়েছিলেন চট্টগ্রামের তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ফারহীনা হাবীব। ঈদ করেন চট্টগ্রামে। ফারহীনা জানান, ঈদুল আজহার সময় পথেঘাটে খোলা জায়গাতেই পশু কোরবানি দেন অনেকে। এখন সিটি করপোরেশনের নির্ধারিত জায়গা থাকলেও সেখানে পশু জবাই করতে কেউ তেমন আগ্রহী হন না। পশু জবাই দেওয়ার পর যে বর্জ্য থাকে, তা ভালোভাবে পরিষ্কার করা বেশ কঠিন একটি বিষয়। সে ব্যাপারে অনেকেই উদ্যোগ নেন না। এ কারণে পশু কোরবানির কয়েক দিন পরেও চারপাশে গুমোট একটা ভাব থেকে যায়।
অসচেতনতার কারণেই কোরবানির ঈদের কয়েক দিন আগে থেকেই পশুর বর্জ্য চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। যেখানে-সেখানে পশু রাখার কারণে চারপাশে গুমোট ভাব আর দুর্গন্ধ তৈরি হয়। আবার পশু জবাইয়ের পরে ঢাকা শহরে বাড়ির আশপাশে ময়লা পুঁতে রাখার চেষ্টা করে অনেকেই। এ প্রসঙ্গে লেদার প্রকৌশলী এ কে এম জাকিউল হোসেন জানান, পশুর হাড় ও চামড়া মাটিতে পুঁতে ফেলার পরেও পচনের কারণে বেশ কিছুদিন সেগুলোর দুর্গন্ধ চারপাশে টের পাওয়া যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম এ রাজ্জাক বলেন, ‘পশু জবাইয়ের পরে ময়লা যেখানে-সেখানে ফেলে রাখেন অনেকেই। কেউ কেউ আশপাশে যেনতেনভাবে মাটি চাপা দিয়ে রাখেন। এতে আসলে চারপাশ আরও বেশি দূষিত হয়।’
এম এ রাজ্জাক কয়েক বছর ধরেই পশু জবাইয়ের বর্জ্য ব্যবস্থাপনার কাজ করছেন। তিনি জানালেন, পশু জবাইয়ের পরপরই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেগুলো সংগ্রহ করে নিয়ে যান। তাঁর ভাষ্য, নিজে নিজে ময়লা ব্যবস্থাপনায় আমাদের নাগরিকদের কিছু ত্রুটি থাকে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের সহায়তা নিন। বর্জ্য পলিথিনের ব্যাগে মুড়িয়ে বাড়ির সামনে গেটের বাইরে রেখে দিলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তা সংগ্রহ করেন এখন। ঢাকার দুটি সিটি করপোরেশনে প্রতিবছর ঈদের আগে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়, সেখানে ফোন করে পশুর বর্জ্য সংগ্রহের কথা জানিয়ে রাখতে পারেন।
সিটি করপোরেশনের বাইরে যেখানে বর্জ্য ব্যবস্থাপনার এমন সুবিধা নেই সেখানে জনবসতি থেকে দূরে বা চলাচলের রাস্তা থেকে বেশ দূরে মাটিতে চার–পাঁচ হাত গভীর গর্ত খুঁড়ে বর্জ্য পুঁতে রাখা যেতে পারে। এম এ রাজ্জাক বলেন, নদী কিংবা জলাধারের আশপাশে কখনোই বর্জ্য পুঁতে রাখবেন না।
সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে নাগরিকদের পশুর বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ কিছু দিক খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন এম এ রাজ্জাক।
* পশুর জন্য কেনা খড়কুটো যেখানে-সেখানে ফেলে রাখবেন না। উন্মুক্ত ডাস্টবিন ও নর্দমায় ময়লা ফেলবেন না।
* কোরবানির পশুকে যেখানে রাখবেন, সেখানে নিয়মিত ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটিকে রোগজীবাণুমুক্ত রাখুন।
* পশু জবাইয়ের পরে রক্ত ও ময়লা পানি যেন রাস্তায় ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
* বাড়ির আশপাশের নর্দমায় পশুর রক্ত ও বর্জ্য কখনোই ফেলবেন না। এতে অন্য বাড়ির আশপাশে দুর্গন্ধ তৈরি হয়।
* সিটি করপোরেশনের নির্ধারিত পশু জবাইয়ের জায়গায় কোরবানি দেওয়ার চেষ্টা করুন।
* জবাইয়ের সময় পানির ব্যবহারের দিকে গুরুত্ব দিন। পানির অপচয় করবেন না।
* বাড়ির আশপাশে গোবর কিংবা অন্য পশুর বর্জ্য ছড়িয়ে পড়ছে কি না, তা খেয়াল রাখুন।
* নিজে সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা করুন। আপনার কারণে দুর্গন্ধে যেন অন্যের সমস্যা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখুন।
* প্রতিবেশীদের বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্গন্ধ না ছড়ানোর দিকে খেয়াল রাখতে সচেতন করুন।
* যে পোশাক পরে পশু জবাই করছেন, তা ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করুন।
* সিটি করপোরেশনের জন্য পশুর বর্জ্য পলিথিনের ব্যাগে ভালো করে রশি দিয়ে বেঁধে সংরক্ষণ করুন। কুকুর বা বিড়ালের নাগালের বাইরে রাখুন ময়লার ব্যাগ।
* চারপাশ যেন এ সময় দুর্গন্ধ ও জীবাণুমুক্ত থাকে, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিন।