পশুর হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিটি পশুর হাটে এবার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ ছাড়া জাল নোটের বিস্তার এবং পশুবাহী গাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাঁদা আদায়ের ওপর থাকবে কড়া নজরদারি। জানা গেছে, এবার পথে পথে ট্রাক থামিয়ে পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজি করেন তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নেতিবাচক প্রভাব এড়াতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোকতার হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করা যায় না। তবে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কোনো সদস্য পশুবাহী গাড়ির দিকে তাকালেই তা অপরাধ বলে বিবেচিত হবে। এ ব্যাপারে আমাদের কঠোর মনোভাবের কথা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে।’ পুলিশ সূত্র জানায়, ঈদ উপলক্ষে এবার নগরে নয়টি পশুর হাট বসছে। বাজারগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য আট শতাধিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। সন্ত্রাসীদের উৎপাত ও চাঁদাবাজি বন্ধ এবং জাল নোট কারবারিদের তৎপরতা থামাতে স্থানীয় পুলিশ প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের তৎপরতাও জোরদার থাকবে বলে জানা গেছে। পশু ব্যবসায়ীদের অভিযোগ, কিছু পুলিশ সদস্য পশুবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে। ভুক্তভোগীরা তা প্রকাশ করতে চান না। নীরবে অনেকে চাঁদা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নগর পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজি ছাড়াও এবার জাল নোটের বিস্তারের আশঙ্কা আছে। তাই নগর পুলিশ নয়টি পশুর হাট ও নগরের প্রবেশপথে নিরাপত্তা জোরদার করেছে।’ র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. জামাল হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পশুবাজারে আমাদের প্রতিটি কোম্পানি থেকে একটি করে অতিরিক্ত টহল দল নামানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল চলছে। সাদা পোশাকেও আমাদের সদস্যরা সক্রিয় আছেন। যেকোনো চাঁদাবাজি ও জাল নোটের বিস্তার রোধে র‌্যাব সদস্যরা কঠোর ভূমিকা পালন করছে।’ এদিকে, চট্টগ্রাম জেলা পুলিশও পশুবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।