পশুর হাটে দামি গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশুর হাট এখন জমজমাট। ক্রেতাদের নজর কাড়ছে রাজশাহী ও কুমিল্লা থেকে আনা বড় গরুগুলো। রাজশাহীর গোদাগাড়ী থেকে আনা হাবলু ও কালু নামের গরু দুটির দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা করে (ছবিতে ওপরে বাঁয়ে)। গত মঙ্গলবারের বিবিরহাটের চিত্র l সৌরভ দাশ
পশুর হাট এখন জমজমাট। ক্রেতাদের নজর কাড়ছে রাজশাহী ও কুমিল্লা থেকে আনা বড় গরুগুলো। রাজশাহীর গোদাগাড়ী থেকে আনা হাবলু ও কালু নামের গরু দুটির দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা করে (ছবিতে ওপরে বাঁয়ে)। গত মঙ্গলবারের বিবিরহাটের চিত্র l সৌরভ দাশ

হাবলু আর কালু। হাটের প্রবেশমুখে পাশাপাশি দাঁড়িয়ে মানুষের কাজ-কারবার দেখছিল। কাণ্ডকীর্তি দেখে মনে হবে যেন দুই ভাই! তাদের ঘিরে সারাক্ষণই লোকজনের উপচে পড়া ভিড়। হাটে আসা লোকজন একবারের জন্য হলেও উঁকি দিচ্ছেন। কারণ, পুরো বাজারের মূল আকর্ষণই তারা।
চিড়িয়াখানার কোনো দর্শনীয় প্রাণী নয়, এগুলো চট্টগ্রামের পশুর হাটের গরু। গত মঙ্গলবার নগরের বিবিরহাটে ওঠা গরু দুটির প্রতিটির দাম হাঁকানো হচ্ছিল চার লাখ টাকা করে।
ব্যাপারী মোহাম্মদ আজগর হোসেন ও মনিরুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৪৮টি গরু এনেছেন। এগুলোর মধ্যে দুটি হচ্ছে হাবলু ও কালু। ব্যাপারীরা এই দুটি ছাড়া অন্য গরুগুলোর দামও হাঁকাচ্ছিলেন লাখ টাকার ওপরে।
মোহাম্মদ আজগর হোসেন প্রথম আলোকে বলেন, গরু দুটির প্রতিটির ওজন প্রায় ১৫ মণ। কোরবানির হাটে তোলার জন্য সাত মাস ধরে তাদের বিশেষ যত্ন নেওয়া হয়। এ জন্য আলাদা লোকও রাখা হয়েছিল। চার লাখ টাকার নিচে বিক্রি করলে লাভ করা কষ্টকর হবে। আগ্রহী ক্রেতারা গরু দুটি কিনতে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।
এই হাটের ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের অন্যান্য হাটের মতো বিবিরহাটেও এবার দেশি গরুর প্রাধান্য বেশি। ব্যাপারীরা ট্রাকে করে চট্টগ্রামের বাইরের জেলা থেকে গরু এনেছেন এই হাটে। পিছিয়ে নেই চট্টগ্রামের স্থানীয় ব্যাপারীরাও। নিজেদের খামার কিংবা ঘরের গরু নিয়ে হাজির হয়েছেন হাটে। বাজারে প্রচুর পরিমাণ গরু থাকায় দাম সহনীয় রয়েছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। এই হাটে ২০ হাজার থেকে চার লাখ টাকার মধ্যে গরু পাওয়া যাচ্ছে। তবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা দামের গরু বেশি পাওয়া যাচ্ছে।
চন্দনাইশের খামারি আফতাব আহমেদ তাঁর খামারের একটি গরু নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিবিরহাটের বাইরের রাস্তায়। বিশাল আকৃতির এই গরু সামলাতে চারজন লোককে ব্যস্ত সময় পার করতে হচ্ছিল।
দাম জিজ্ঞাসা করতেই আফতাব আহমেদের এক কথা, তিন লাখ টাকা। এত দাম কেন জানতে চাইলে তিনি বলেন, ‘দুই বছর ধরে গরুটিকে লালন–পালন করেছি। দেখাশোনার জন্য কর্মচারী রাখতে হয়েছে। খাদ্য ও যত্নের পেছনে প্রচুর টাকা খরচ করতে হয়েছে। তাই এই দাম রাখতে হয়েছে।’
এদিকে বিবিরহাটে ক্রেতাদের নজর কেড়েছে কুমিল্লার সিন্ধি বাচ্চা নামের গরুগুলো। শরীরের আকৃতির পাশাপাশি সৌন্দর্যও চোখে লাগার মতো। এই রকম ২৯টি গরু নিয়ে হাটে এসেছেন কুমিল্লার চান্দিনার নজরুল ব্যাপারী।
গরুগুলোর বিশেষত্ব প্রসঙ্গে নজরুল ব্যাপারী প্রথম আলোকে বলেন, এগুলো খুব বলিষ্ঠ হয়। সহজে লালন-পালন করা যায়। এ ছাড়া কম খাবারে গরুগুলো মোটা হয়। ওজন হয় পাঁচ থেকে সাড়ে ছয় মণ।
নজরুল অবশ্য গরুগুলোর দাম তুলনামূলক কম বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘গরুগুলোর দাম ধরা হয়েছে দুই থেকে তিন লাখ টাকা। কয়েকজন ক্রেতা সোয়া লাখ টাকা দর দিয়েছেন। তবে দেড় লাখ হলে বিক্রি করে দেব।’