ঈদকে ঘিরে নগরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি রোধে পশুর হাটগুলোতে বসানো হয়েছে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা। অজ্ঞান, মলম পার্টির তৎপরতা ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরবাসীর দাবি, এসব পদক্ষেপ যেন শুধু ঘোষণা হয়ে না থাকে, সঠিকভাবে কার্যকর হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, অতিরিক্ত টাকা বহনে নগরবাসীকে পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে। এ জন্য লিফলেটও বিতরণ করা হচ্ছে। ঈদের বন্ধের সময় লোকজন গ্রামের বাড়িতে চলে যাওয়ায় চুরি–ডাকাতি রোধে আবাসিক এলাকাগুলোতে মহল্লার লোকজনদের নিয়ে পাহারা জোরদার করা হয়েছে।
নগরের বিবিরহাট ও সাগরিকা পশুর হাটে গরু থাকলেও ক্রেতার সংখ্যা কম। কুষ্টিয়া থেকে বিবিরহাট বাজারে গরু নিয়ে আসা মো. সোলায়মান গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, এবার গরু নিয়ে আসার সময় পথে পুলিশকে কোনো চাঁদা দিতে হয়নি। তাই ক্রেতার কাছ থেকে বাড়তি দাম নিতে হবে না।
এদিকে বাজারে ছিনতাই, পকেটমার ও চাঁদাবাজি বন্ধে সিসি ক্যামেরা বসিয়েছে পুলিশ। রয়েছে পুলিশের কন্ট্রোল রুমও। সিসি ক্যামেরা দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। থাকবে সাদাপোশাকেও পুলিশ সদস্যরা। এ ছাড়া অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বন্ধে গরু ব্যাপারীদের অপরিচিত দোকান থেকে কোনো খাবার না খাওয়ারও পরামর্শ দিচ্ছে পুলিশ। জামিনে আসা মলম পার্টির সদস্যদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য বলেন, কোরবানির ঈদে নগদ টাকা বেশি লেনদেন হয়ে থাকে। এ সুযোগে জাল নোট কারবারিরা জাল টাকার ব্যবসা করে থাকেন। তাই প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন বসানো হয়েছে। কোনো ক্রেতা বিক্রেতার নোট নিয়ে সন্দেহ হলে পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে।
এদিকে কোরবানির দিন থেকে চামড়া পাচার রোধেও পুলিশ নগরের বিভিন্ন প্রবেশপথে কড়া পাহারা রাখবে বলে জানিয়েছেন দেবদাস ভট্টাচার্য্য।
পুলিশের পাশাপাশি র্যাবও ঈদকে ঘিরে নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
তবে নগরের বাসিন্দারা চান এসব ঘোষণা যেন কার্যকর হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শুধু ঘোষণা দিয়ে নয়, বাস্তবে নিরাপত্তা রক্ষায় কাজ করলে নগরবাসীর ঈদের আনন্দে ভাটা পড়বে না। যদি গরু কিনতে গিয়ে কারও টাকা ছিনতাই কিংবা গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়ে কারও বাসায় চুরি হয় তাহলে ঈদের আনন্দই বিষাদ হয়ে যাবে।