বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের বিভাগীয় খেলা শুরু
পশ্চিম ডলু বিদ্যালয়ের টাইব্রেকার-ভাগ্য!
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাইমারি ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলার ফাইনাল খেলায় সাতকানিয়ার পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে জয় পায়। বিভাগীয় পর্যায়ে এসে সেই টাইব্রেকারে অবারও জয় পেল বিদ্যালয়টি। ২৭ ডিসেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ যথারীতি গড়ায় টাইব্রেকারে। আর তাতেই ভাগ্য খুলে যায়। চাঁদপুর জেলা চ্যাম্পিয়ন পশ্চিম সক্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়।প্রাথমিক শিক্ষা পরিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা ২৬ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। খেলা শুরুর একদিন পর ২৭ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামসুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শাহ সুফী মো. আলী রেজা। বালিকাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন আটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, খাগড়াছড়ি জেলা চ্যাম্পিয়ন সাতভাইয়াপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ফেনী জেলা চ্যাম্পিয়নকে ১-০ গোলে, রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন ৮-০ গোলের বিশাল ব্যবধানে নোয়াখালী জেলা চ্যাম্পিয়ন হোসেনপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মো. আলী রেজা জানান, ২৯ ডিসেম্বর সকাল ১১টায় বালকদের প্রথম সেমিফাইনাল, ১২টায় দ্বিতীয় সেমিফাইনাল এবং একই দিন বেলা দুইটার সময় বালিকাদের প্রথম সেমিফাইনাল, তিনটায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর ৩০ ডিসেম্বর উভয় বিভাগের ফাইনাল খেলার মাধ্যমে নির্ধারণ হবে বিভাগীয় চ্যাম্পিয়ন।