পশ্চিম পটিয়ার সেতুটি মেরামত হলো না ৭ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম পটিয়ার মধ্যম চরলক্ষ্যা গ্রামের চরলক্ষ্যা খালের ওপর সেতুটি ভেঙে পড়ার সাত মাস পরও মেরামত না করায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তাঁদের ব্যবসা, চাকরি, শিক্ষা ও যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। যাতায়াতের অসুবিধার কারণে জরুরি মুহূর্তে রোগীরা চিকিৎসাসেবা নিতে পারছেন না। ভোগ্যপণ্য ও স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। সেতুসংলগ্ন খালের উভয় পাড়ের বাজারে বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে সিমেন্টবাহী ট্রাক পার হওয়ার সময় সেতুটির মাঝখানের অংশ ভেঙে যায়। এর ফলে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিদিন এ সেতু দিয়েই চরলক্ষ্যার ১০-১৫ হাজার মানুষ পুরোনো ব্রিজঘাট (ফেরিঘাট) দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।আছিয়া মোতালেব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর অনেক শিক্ষার্থী বিদ্যালয় পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অনেকে পড়ালেখা বন্ধ করে দিয়েছে। সেতুসংলগ্ন বাজারের মুদি দোকানদার আবদুল আলীম বলেন, বাজারে আগে প্রতিদিন প্রচুর লোকসমাগম হতো। কিন্তু সেতু ভেঙে যাওয়ার পর আগের মতো আর লোকসমাগম হয় না। ফলে দোকানে বিক্রি কমে গেছে। স্থানীয় বাসিন্দা ও মুরগি খামারের মালিক জামাল উদ্দিন বলেন, সেতু ভেঙে যাওয়ার পর অন্য একটি রাস্তা দিয়ে ঘুরে খামারে মুরগির বাচ্চা, খাদ্যসামগ্রী আনা-নেওয়া করতে হয়। কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে কাদায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেতুটি মেরামত করা না হলে বর্ষায় খামার বন্ধ করে দিতে হবে। দুধ বিক্রেতা কামাল আহমদ বলেন, ‘আমি প্রতিদিন স্থানীয় গৃহস্থদের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রি করি। সেতুটি ভেঙে যাওয়ায় অন্য সড়ক দিয়ে ঘুরে চট্টগ্রাম শহরে যেতে হয়। এতে পরিবহন খরচ বেড়েছে এবং সময়ও বেশি লাগছে।’কর্ণফুলী থানার অটোরিকশাচালক কল্যাণ সমিতির সভাপতি ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা সেতু মেরামতের জন্য এলাকার চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার ধরনা দিচ্ছি। তারপরও সেতু মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’চরলক্ষ্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইদ্রিছ বলেন, ‘মধ্যম চরলক্ষ্যাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সেতু। এটি ভেঙে যাওয়ার পর উপজেলা সমন্বয় সভায় জনগণের ভোগান্তি সম্পর্কে অবহিত করি। কিন্তু আজও সেতু মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন জানান, সেতু মেরামতের বিষয়ে এখনো কোনো প্রকার আদেশ বা সিদ্ধান্ত হয়নি। তাই সেতু মেরামত আপাতত হচ্ছে না।