পশ্চিম পটিয়ায় বিনা মূল্যে চিকিৎসাশিবির
পশ্চিম পটিয়ায় ডা. মো. আবদুস সবুর স্মরণে বিনা মূল্যে চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। এতে ২৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১ হাজার ২০০ রোগীকে সেবা দেন।
ডা. মো. আবদুস সবুরের ছেলে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আনিসুল আউয়ালের তত্ত্বাবধানে তৃতীয়বারের মতো চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়েছে। এতে হৃদ্রোগ, সার্জারি, শিশু, চর্ম, মেডিসিন, গাইনি, ডায়াবেটিস, নাক, কান ও গলা এবং চক্ষুরোগীদের সেবা দেওয়া হয়। এ ছাড়া চোখে ছানি পড়া রোগীদের জন্য পাহাড়তলী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল আলাদা ক্যাম্প পরিচালনা করেন।
তত্ত্বাবধায়ক আনিসুল আউয়াল বলেন, ‘প্রতিবছর আমার বাবার স্মরণে গ্রামবাসীর জন্য এ চিকিৎসাশিবিরের আয়োজন করে আসছি। এতে গ্রামের গরিব রোগীদের ব্যবস্থাপত্র ও রোগ নির্ণয়ের পরীক্ষা করানো হয়।’