পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এই মুহূর্তের দ্বন্দ্বপূর্ণ ও অনিশ্চিত রাজনীতিতে ক্ষমতাসীন কংগ্রেসের জন্য যেন কোনো ভালো খবরই নেই। দলটির জন্য সর্বশেষ হতাশার বার্তা নিয়ে এসেছে দুটি উপনির্বাচনের ফল। যদিও এর মধ্যে একটিতে জিতেছেন কংগ্রেসের প্রার্থীই। গত সপ্তাহে অনুষ্ঠিত উপনির্বাচনে উত্তরখণ্ডের তেহরি আসনে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীর কাছে হেরেছেন কংগ্রেসের প্রার্থী। আর পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী জিতেছেন খুবই সামান্য ব্যবধানে। দুটি আসনই ছিল কংগ্রেসের। আগের নির্বাচনে দলের প্রার্থীরা বড় ব্যবধানে জিতেছিলেন। কাজেই ওই দুই আসনের উপনির্বাচন কংগ্রেসকে একটি বড় ধাক্কা দিয়েছে। প্রথমত, এতে দলের দুরবস্থায় যোগ হয়েছে নতুন মাত্রা এবং দ্বিতীয়ত, আগামী লোকসভার নির্বাচন এগিয়ে নিয়ে আসা নিয়ে যে বিতর্ক চলছে, তা আরও গতি পেয়েছে। তেহরি আসনের উপনির্বাচনে হেরেছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার ছেলে সকেট বহুগুনা। অথচ ২০০৯ সালে ওই আসনে বড় ব্যবধানে জিতেছিলেন বিজয় বহুগুনা। এরপর বহুগুনা মুখ্যমন্ত্রী হওয়ায় আশা করা হয়েছিল, উপনির্বাচনে তাঁর ছেলে আরও বড় ব্যবধানে জিতবেন। উপনির্বাচনের ফলাফল সাধারণত ক্ষমতাসীন দলের পক্ষে যায়। কিন্তু নির্বাচনে বিজেপির প্রার্থী মালরাজ্য লক্ষ্মী শাহের কাছে ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন মুখ্যমন্ত্রীর ছেলে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জিতেছেন মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে। ওই আসনের লোকসভার সদস্য প্রণব মুখার্জি রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেছিলেন। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ২৮ হাজার ভোট বেশি পেয়ে জিতেছিলেন তিনি। উপনির্বাচনে তৃণমূলের সমর্থন পায়নি কংগ্রেস। যদিও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এই উপনির্বাচনে কোনো প্রার্থী দেননি।জয়ের ব্যবধান এত কমে যাওয়ার জন্য তেল-গ্যাসসহ জিনিসপত্রের দাম বাড়া এবং খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) অনুমোদন দেওয়ার মতো বিতর্কিত উদ্যোগকে দায়ী করেছেন অভিজিৎ।জঙ্গিপুর লোকসভা আসনের উপনির্বাচনের ফল ভাবাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিকদের। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বাম দল সবাই-ই এই ফল নিয়ে নানা বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। এই ফল যেমন কংগ্রেসের জন্য হতাশার বার্তা বয়ে এনেছে, ঠিক তেমনি বাম দল ও বিজেপিকে শোনাচ্ছে আশার বাণী। আর তৃণমূল কংগ্রেসের দুর্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে আরও। পশ্চিমবঙ্গের ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ সালের লোকসভা নির্বাচন, ২০১০ সালের পৌর নির্বাচন এবং সর্বোপরি ২০১১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন ভালো করেছিল কংগ্রেস ও তৃণমূল শিবির। কিন্তু এবারের উপনির্বাচনে ফুটে উঠেছে বাম দল এমনকি ‘সাম্প্রদায়িক’ বিজেপির ভালো করার ছবি। বিশেষ করে পশ্চিমবঙ্গে তাক লাগিয়ে দিয়েছে বিজেপি। এই ফলে দারুণ উজ্জীবিত বামেরা, বিশেষ করে সিপিএম। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে এত ভোট পাবে সিপিএম, এটা ধারণাই ছিল না কংগ্রেসের। উপনির্বাচনে কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় পেয়েছেন তিন লাখ ৩২ হাজার ৯১৯ ভোট। বাম দলের মনোনীত সিপিএম প্রার্থী মোজাফফর হোসেন পেয়েছেন তিন লাখ ৩০ হাজার ৩৮৩ ভোট। আর বিজেপি প্রার্থী সুধাংশু বিশ্বাস পেয়েছেন ৮৫ হাজার ৮৮৬ ভোট।বলাবলি হচ্ছে, আগামী ২০১৪ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় পরবর্তী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভিজিতের বিরুদ্ধে প্রার্থী দিলে তাঁর জেতা আরও কঠিন হয়ে পড়বে। আবার চতুর্মুখী লড়াই হবে বলে তৃণমূলেরও জয়ের সম্ভাবনা কম থাকবে। এ ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবে সিপিএম। সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে বিজেপির মতো হিন্দুত্ববাদী দলের প্রার্থী কীভাবে ৮৫ হাজার ৮৮৬টি ভোট পেয়েছে তা ভাবিয়ে তুলেছে তৃণমূলকে। তা হলে কি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলমানদের ‘তোষণ’ করায় দলের কট্টর হিন্দু সমর্থকরা বিজেপির দিকে ঝুঁকে পড়েছে ? প্রসঙ্গত, এই জঙ্গিপুর কেন্দ্রে ভোটারের ৭০ শতাংশই সংখ্যালঘু মুসলমান। তৃণমূল কংগ্রেস প্রার্থী না দিলেও এই ফলে খুশি নয়। তারা ভাবতেও পারেনি যে সিপিএমের ভোট বেড়ে যাবে। জানা গেছে, তৃণমূলের যে অল্প কিছু সমর্থক ভোট দিয়েছেন, তাদের একাংশ ভোট দিয়েছেন কংগ্রেসকে আর অন্য অংশ দিয়েছেন বিজেপিকে। সিপিএম প্রার্থীও পেয়েছেন কিছু। পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএমের ধস নামানোর জন্য তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন দেখে আসছে ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে, সেই স্বপ্ন একটা বড় ধাক্কা খেয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, মমতার নানা ‘ভ্রান্তনীতি’র ফলে ফের সংগঠিত হতে শুরু করেছে বামেরা। তারই প্রথম ছাপ পড়েছে কংগ্রেসের শক্ত ঘাঁটি জঙ্গিপুরের উপনির্বাচনে। আগামী নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট না করে এককভাবে লড়লে বাম দলগুলো যে আরও বেশি সুযোগ পেয়ে যাবে তা নিশ্চিত।  অমর সাহা, কলকাতা