পশ্চিমা খাবারের স্বাদ
বাকারু শব্দটির অর্থ কাউবয়। আমাদের দেশে যাঁরা রাখাল, তাঁদেরই পশ্চিমা দেশে বলা হয় কাউবয়। সে কারণেই হয়তো দেখা গেল বাকারু রেস্টুরেন্টের ওয়েটাররা মাথায় কাউবয় টুপি পরে আছেন। রেস্টুরেন্টটি খাবারের ধরনে, স্বাদে, গন্ধে, সাজসজ্জায় পুরোপুরি পশ্চিমা।বাকারুর যাত্রা শুরু হয় ২০০৩ সালে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরে। মাত্র চারটি টেবিল নিয়ে এটি শুরু করেন সুজন উদ্দিন তালুকদার। বিদেশে দীর্ঘ সময় রন্ধনশিল্পের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশিদের কাছে সত্যিকারের পশ্চিমা খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাকারুর ভাবনা তাঁর মাথায় আসে। রেস্টুরেন্টে ঢুকে ভিন্ন ধরনের খাবারই চোখে পড়ল। শুরুতেই বলতে হয় ‘স্টেক’-এর কথা। গরুর মাংসের অসাধারণ এক পদ এই স্টেক। ঢাকার পাশাপাশি মুন্সিগঞ্জ ও নোয়াখালী থেকে স্টেকের জন্য মাংস সংগ্রহ করে বুকারু কর্তৃপক্ষ। আলু, ফ্রায়েড রাইস ও সবজির সঙ্গে বিভিন্ন ধরনের স্টেক পরিবেশন করা হয়। সঙ্গে থাকে বিনামূল্যে কফি। দাম পড়বে ৩০০-৮০০ টাকা।স্টেকের পাশাপাশি বাকারুর অন্যতম প্রধান পদ হলো বার্গার। ফিশ, চিকেন ও বিফ—এই তিন ধরনের বার্গার পাবেন সেখানে। তবে এই বার্গার বাজারের অন্যান্য দোকান থেকে ভিন্ন, পুরোপুরি পশ্চিমা স্বাদ। দাম ২২০-৪০০ টাকা। এ ছাড়া বাকারুতে খেতে পাবেন বারবিকিউ চিকেন। স্টেকের মতো বারবিকিউ আইটেমগুলোতেও থাকে ফ্রায়েড রাইস ও আলু। এ ছাড়া আছে খাসির পুরো এক পায়ের বারবিকিউ; যেটি লেগ ফ্রাই নামে পরিচিত। দাম পড়বে ৪৫০ টাকা।এত সব মজাদার খাবার ছাড়াও আছে ওয়েস্টার্ন ধাঁচের স্যুপ। চিকেন উইংস, স্যান্ডউইচ, পাস্তা, পমফ্রে, প্রন, আইসক্রিম, কোমল পানীয়, জুস, সালাদ ইত্যাদি। ভারতীয় ও চায়নিজ খাবারও এখানে আছে। বিভিন্ন স্বাদের মাসালা দোসা, কাবাব, ফ্রায়েড রাইসের স্বাদ উপভোগ করতে পারেন। সাধারণ খাবারের পাশাপাশি রমজান মাসে বুকারুতে পাওয়া যাচ্ছে ইফতারের লোভনীয় সব আইটেম। সুতা জিলাপি, বোম্বে জিলাপি, মোহন চপ, গ্রিল চিকেন, চিকেন শাসলিক, বিফ স্টেক চাপ, বিফ কাটলেট, সবজির পাকোড়া ছাড়াও রয়েছে আরও নানা ধরনের ইফতার। এ ছাড়া শিগগিরই শুরু হতে যাচ্ছে লাইভ বারকিউ। ঈদের পরপরই ভোজনরসিকেরা এখানে চোখের সামনে রান্না করা বারবিকিউ চিকেনের স্বাদ উপভোগ করতে পারবেন। কিছুদিন আগেই বাকারু স্থান পরিবর্তন করেছে। চার টেবিলের বুকারু এখন রূপান্তরিত হয়েছে ৪০ টেবিলের বুকারুতে। বুকারুর নতুন ঠিকানাহল উত্তরা চার নম্বর সেক্টরে শাহজালাল এভিনিউয়ে।