
যখন লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করছিলাম, তখন থেকেই দেশের বাইরে মাস্টার্স করার ইচ্ছা ছিল, ফুল স্কলারশিপ নিয়ে। দেশের বাইরে পড়তে আসার ইচ্ছাটা অবশ্য সেই ছোটবেলায় আব্বুর কাছ থেকে পাওয়া। প্রথম অ্যাপ্লিকেশনেই চায়না গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে যাই শিয়ামেন ইউনিভার্সিটিতে। সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। শিয়ামেন ইঞ্জিনিয়ারিং ও ইকোনমিকস ডিপার্টমেন্ট ওয়ার্ল্ডে ৫০-৬০তম অবস্থানে আছে। আর সৌন্দর্যের দিক দিয়ে আছে প্রথম সারিতে।
১০ সেপ্টেম্বর, ২০১৬ এখানে আসি। এই প্রথম বাংলাদেশের বাইরে আসা। কিছুটা বিচলিতবোধ করছিলাম। সবকিছু চিন্তা করে কীভাবে একা একা আসব, নতুন একটা পরিবেশে বিদেশিদের সঙ্গে থাকব। তবে উত্তেজিত লাগছিল সবকিছু মিলিয়ে। আসার আগেই বাঙালি কয়েকজন ভাইয়া-আপুর সঙ্গে যোগাযোগ করে এখানকার সবকিছু সম্পর্কে শুনে নিয়েছিলাম।
আমি যে শহরে আছি তার নামও শিয়ামেন। খুব সাজানো-গোছানো একটা শহর। মূলত এটি একটি আইল্যান্ড। পাহাড় ও সমুদ্র দিয়ে ঘেরা। অসম্ভব সুন্দর একটি শহর। সবকিছু সাজানো-গোছানো। নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য চায়নাতে শিয়ামেন শহর খুব পরিচিত। আর সৌন্দর্যের জন্য চায়নার অন্যতম পর্যটনকেন্দ্র শিয়ামেন।
আমি কেমন আছি, দেশ থেকে কেউ জানতে চাইলে খুব ভালো আছি বলে ফেলি। তখন অনেকেই বলে, দেশের বাইরে এতদূরে একা খুব ভালো আছি কীভাবে। সত্যি কথা বলতে দেশ আর পরিবারের মানুষদের ছেড়ে দূরে থাকার কষ্ট ছাড়া বাকি সব মিলিয়ে খুব ভালো লাগছে।
প্রথম সেমিস্টার শেষ করেছি ভালোভাবে। এখানকার পড়াশোনার সিস্টেম আমার খুবই ভালো লেগেছে। প্রফেসররা খুবই হেল্পফুল। বিশেষ করে আমরা যারা ফরেন স্টুডেন্ট আছি, তাদের ব্যাপারে খুব বেশি। প্রায় ৫ হাজার বিদেশি স্টুডেন্ট আছে শিয়ামেন ইউনিভার্সিটিতে। বিভিন্ন দেশের এই বিভিন্ন মানুষের সঙ্গে মেশা, বন্ধুত্ব করা অন্য রকম ভালো লাগে আমার। মাঝেমধ্যেই যারা বাঙালি আছি, এখানে সবাই মিলে ঘুরতে চলে যাই। বাঙালি খাবার রান্না করে খাওয়াদাওয়া করি। খুব আড্ডা দিই। কারণে-অকারণে সমুদ্রপাড়ে চলে যাই সবাই মিলে। ডরমিটরি থেকে মাত্র দুই মিনিটে হেঁটে গেলেই সমুদ্র। অসম্ভব সুন্দর দৃশ্য চারপাশে।
মাঝে মাঝেই পুরোনো ছবিগুলো বের করে দেখি আর সবাইকে মনে করি। বিশেষ করে বন্ধুসভা। অনার্স লাইফের পুরোটাজুড়েই বন্ধুসভার সঙ্গে ছিলাম। মিস করি বন্ধুসভার পরিচিত সব মুখ।
লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার সাবেক সহসভাপতি