পা হারানো চিং বন্ধুদের সঙ্গে আবার খেলতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের শয্যায় চিং ক্য হ্লা মারমা l ছবি: সংগৃহীত
হাসপাতালের শয্যায় চিং ক্য হ্লা মারমা l ছবি: সংগৃহীত

বছর এগারোর চিং। পুরো নাম চিং ক্য হ্লা মারমা। দুরন্ত ছেলেটি মাতিয়ে বেড়াত পাড়া। দিনের বেশির ভাগ সময় কাটত বন্ধুদের সঙ্গে খেলাধুলায়। এখন তার দিন কাটছে হাসপাতালের শয্যায় শুয়ে। একটি সড়ক দুর্ঘটনা ফিকে করে দিয়েছে চিংয়ের জীবনের রং।

গত ৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ির আলুটিলায় ধর্মীয় অনুষ্ঠানে বেপরোয়া ট্রাকের চাপায় মারা যায় ৮ জন। আর আহত হয় ৯ জন। তাদের একজন চিং। সে আলুটিলার ধর্মীয় অনুষ্ঠানে এসেছিল মাসি নেইম্রা মারমা (৪২), মাসতুতো বোন ববি চাকমা (১১) ও টুনটুনি চাকমার (৬) সঙ্গে। তারা তিনজনই প্রাণ হারায়।

এদিকে আহত ব্যক্তিদের মধ্যে ৬ জন বাড়ি ফিরে গেলেও সংকটাপন্ন অবস্থা চিংয়ের। বাকি দুজনের অবস্থাও খুব একটা ভালো না। তারা চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিং খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ঘটনার পরপরই চিংকে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে সে। এর মধে৵ কাটা পড়েছে বঁা পা। চিং এখনো জানে না তার পা আর সে ফিরে পাবে না। সে জানে তার পা ফ্রিজে রাখা আছে সুস্থ হলে সেলাই করে আবার লাগানো হবে।

চিংয়ের চাচা মং মারমা ও মামা আবি মারমা ঘটনার পর থেকে চিংকে নিয়ে হাসপাতালে আছেন। তাঁরা জানান, তাঁদের অভাবের সংসার। এত টাকা নেই যে উন্নত চিকিৎসা করাবেন। তার ভবিষ্যৎ এখন দোদুল্যমান। উন্নত চিকিৎসা পেলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি এগিয়ে এসে সাহায্য করেন তাহলে চিং সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। তাঁরা আরও জানান, চিং সব সময় বলে সে বাড়ি যাবে। বন্ধুদের সঙ্গে খেলবে।

চিকিৎসকেরা জানান, চিংয়ের পুরোপুরি সুস্থ হওয়া ও কৃত্রিম পা লাগাতে খরচ পড়বে প্রায় ২০ লাখ টাকা।

মহালছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার শীল জানান, অভাবী সংসারে চিংয়ের মূল আস্থার দুই মানুষ মা–বাবা কাজের সন্ধানে দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে সে নানি ও মামার কাছে থেকে মানুষ হচ্ছে। তার ভবিষ্যৎ নির্ভর করছে উন্নত চিকিৎসার ওপর।

আলুটিলায় ট্রাকের চাপায় হতাহতের ঘটনার পরপরই খাগড়াছড়ির নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয় ‘আলুটিলায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা তহবিল সংগ্রহ কমিটি’। চিংসহ আলুটিলায় আহত ব্যক্তিদের চিকিৎসা খরচ এই তহবিল থেকে বহন করা হচ্ছে। কমিটি সূত্র জানায়, তবে বর্তমানে তহবিলে তেমন অর্থ নেই।

তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ও সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাই থো অং মারমা বলেন, ‘আহত ব্যক্তিদের সবার আর্থিক অবস্থা খুবই খারাপ। তাদের পক্ষে চিকিৎসা খরচ বহন করা সম্ভব না। এত বড় ঘটনার পর মানবিক জায়গা থেকে আমরা সবাই একসঙ্গে মিলে আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছি। দেশ ও দেশের বাইরে থেকে সহযোগিতা পাঠানো হচ্ছে। তবে তা অপ্রতুল।’ তিনি সরকারসহ হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান।

চিকিৎসা সহায়তা পাঠানোর ঠিকানা: ব্যাংক হিসাব নম্বর ৫৪১২২০১০১২১৭৯, সোনালী ব্যাংক লিমিটেড, খাগড়াছড়ি শাখা। বিকাশ নম্বর ০১৮৩৯ ৮৪৯৩৬৫ ও ০১৮২৮ ৮৩৪৭৭২ (ব্যক্তিগত)। মুঠোফোন (০১৫৫৬৭৭৩৮২৪ ও ০১৫৫০৬০৫১৯৪) নম্বরে যোগাযোগ করা যাবে।