রামুতে প্রথম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের জয়-জয়কার। পাঁচ ইউনিয়নের চারটিতে জিতেছেন আনরস প্রতীকের প্রার্থীরা। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ঈদগড়ে আওয়ামী লীগ-সমর্থিত ফিরোজ আহমদ (আনারস), গর্জনিয়ায় জাসদ নেতা তৈয়ব উল্লাহ চৌধুরী (আনারস), কাউয়ারখোপে বিএনপি-সমর্থিত নুরুল হক (আনারস), রশিদনগরে স্বতন্ত্র প্রার্থী আবদুল করিম (আনারস) ও কচ্ছপিয়ায় স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন (তালা)। ঈদগড়ের নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, ‘ভোটারদের মধ্যে আনারস পরিচিত প্রতীক। তাই প্রার্থীদের মধ্যেও এ প্রতীক পাওয়ার একটা প্রতিযোগিতা থাকে। আনারস প্রতীক আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’কাউয়ারখোপের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হক বলেন, ‘আমি আগেও আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছি। এবার সফল হয়েছি।’ কাউয়ারখোপ ইউনিয়নের ভোটার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ব্যালট পেপারে আনারস ছিল সবার উপরে। ফলে বেশির ভাগ ভোটারের দৃষ্টি গেছে সেদিকে।’রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, ২৫ জুন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও পাঁচ ইউনিয়নের ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।এদিকে, আজ ২৮ জুন বাকি ছয় ইউনিয়ন—ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালা, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছয় ইউনিয়নের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফতেখাঁরকুল (সদর) ইউনিয়ন। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রামু উপজেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ ইউনিয়ন ফতেখাঁরকুল। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সিরাজুল হক (আনারস), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম (দেয়াল ঘড়ি) ও সিরাজুল ইসলাম ভুট্টোর (তালা) প্রচারণা এখন তুঙ্গে। ভোটযুদ্ধে বিজয়ী হতে এ তিন প্রার্থী নানা কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।